ইসরায়েলি দুই মন্ত্রীসহ ১৩ নাগরিকের প্রবেশ নিষেধাজ্ঞা দিল স্পেন
গাজায় চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যার ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস ঘোষণা করেছেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মৎরিচসহ মোট ১৩ জন ইসরায়েলি নাগরিকের স্পেনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
লন্ডনভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই জানায়, মঙ্গলবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় ইসরায়েলি আগ্রাসন থামাতে নয় দফা ব্যবস্থা ঘোষণা করার একদিন পর এই সিদ্ধান্ত আসে। এসব ব্যবস্থার মধ্যে রয়েছে ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা, গণহত্যায় জড়িত কর্মকর্তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি সামরিক সরঞ্জাম পরিবহনে স্পেনের আকাশসীমা ও বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা।
পররাষ্ট্রমন্ত্রী আলবারেস জানান, নিষিদ্ধ ব্যক্তিদের তথ্য ইউরোপীয় ইউনিয়নের শেনগেন নিরাপত্তা তথ্যব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও বলেন, যারা দুই-রাষ্ট্র সমাধানের পথে বাধা সৃষ্টি করছে, তাদের নামও এই তালিকায় যুক্ত হবে।
সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়েও বেন-গভির এবং স্মৎরিচের বিরুদ্ধে অনুরূপ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।
অন্যদিকে, মিডল ইস্ট আই আরও জানিয়েছে, দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর প্রধান কৌঁসুলি ইসরায়েলি এই দুই মন্ত্রীর বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু করেছেন।
এরই মধ্যে স্পেনের পার্লামেন্টে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহ বন্ধের প্রস্তাব পাস হয়েছে, যেখানে ১৭৮ জন সংসদ সদস্য প্রস্তাবের পক্ষে এবং ১৬৯ জন বিপক্ষে ভোট দেন।
ইসরায়েলের বিরুদ্ধে স্পেনের ঘোষিত নয় দফা পদক্ষেপের মধ্যে রয়েছে— ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা, গণহত্যায় জড়িতদের স্পেনে প্রবেশ নিষেধাজ্ঞা, ইসরায়েলি সামরিক জ্বালানি পরিবহনে স্পেনের বন্দর ব্যবহার নিষিদ্ধকরণ, স্পেনের আকাশসীমায় ইসরায়েলি সামরিক কার্গো উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা, অধিকৃত পশ্চিমতীর ও গাজা থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতি সহায়তা বৃদ্ধি, রাফা সীমান্তে ইউরোপীয় ইউনিয়নের মিশনে স্প্যানিশ কর্মকর্তার সংখ্যা বাড়ানো, গাজায় মানবিক সহায়তার নতুন প্রকল্প গ্রহণ এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ তহবিলে ১০ মিলিয়ন ইউরো অনুদানসহ আগামী বছর পর্যন্ত মানবিক সহায়তা ১৫০ মিলিয়ন ইউরোতে উন্নীত করার প্রতিশ্রুতি।
স্পেনের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল, যা তারা “ইহুদিবিদ্বেষমূলক আচরণ” বলে দাবি করেছে। তবে স্পেন সরকার সেই অভিযোগকে “পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর” বলে প্রত্যাখ্যান করেছে।
মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, গত দুই বছরে গাজায় ইসরায়েলি অভিযানে কমপক্ষে ৬৭ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।













