জুলাই সনদ নিয়ে বিএনপি আশাবাদী: ‘আলোচনার মাধ্যমে সমঝোতা সম্ভব’ —রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হতে যাওয়া ‘জুলাই সনদ’ নিয়ে বিএনপি ইতিবাচক অবস্থানে রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে নবগঠিত অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “গণতান্ত্রিক রাজনীতিতে আলোচনাই সবচেয়ে কার্যকর পথ। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে জুলাই সনদ নিয়ে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমঝোতা সম্ভব।”
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান আন্তর্জাতিক অঙ্গনে কথা বলেছেন। তার বক্তব্যে দলীয় পক্ষপাত ছিল না, বরং তিনি বিভেদের বদলে ঐক্যের বার্তা দিয়েছেন।”
রিজভী আরও বলেন, “তারেক রহমান বলেছেন— যারা অপরাধ করেছেন বা নির্যাতন চালিয়েছেন, তাদের বিচার আইনসম্মত পথে হবে। তার বক্তব্য বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায়, তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, যা দেশের সুশীল সমাজ, পেশাজীবী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।”
কৃষি খাতের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মসূচিতে কৃষি ও কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বর্তমানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না— এ অবস্থায় অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে কৃষকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও জানান, অ্যাব এমন একটি নীতিমালা প্রণয়ন করবে, যাতে কৃষকদের স্বার্থ রক্ষা ও জনগণের উপকার নিশ্চিত হয়। এ উদ্যোগের পেছনে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও অনুপ্রেরণাই মুখ্য ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ কামরুজ্জামান, সদস্য সচিব কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লবসহ সংগঠনের অন্যান্য নেতারা।













