জাপার নিবন্ধন ও প্রতীক জিএম কাদেরের নামে বহাল থাকবে: রেজাউল ইসলাম ভূঁইয়া
রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, "আশা করছি, দু-এক দিনের মধ্যেই ইসি আনুষ্ঠানিকভাবে আমাদের অবস্থান নিশ্চিত করবে”।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর: রাজনৈতিক দল জাতীয় পার্টি (জাপা)-র নিবন্ধন ও দলীয় প্রতীক জিএম কাদেরের নামে বহাল থাকবে বলে দাবি করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।
দলীয় নেতৃত্ব ও প্রতীক সংক্রান্ত চলমান বিতর্কের মধ্যে রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম-এর সঙ্গে সাক্ষাৎ করেন জাপার জিএম কাদের অংশের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।
তিনি জানান, সম্প্রতি বহিষ্কৃত কয়েকজন ব্যক্তি জাতীয় পার্টির নামে অবৈধভাবে একটি কাউন্সিল করেছে এবং নিবন্ধন ও প্রতীকের দাবি তুলেছে। এ বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিব বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনপত্রে বলা হয়েছে, ওই সম্মেলন বৈধ নয়, কারণ এটি দলের চেয়ারম্যান বা প্রেসিডিয়ামের অনুমোদিত নয়।
রেজাউল ইসলাম ভূঁইয়া আরও বলেন, নির্বাচন কমিশন বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করছেন এবং আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত আশা করা যাচ্ছে। তিনি বলেন, “আমাদের দশম সম্মেলন হয়নি। যেটিকে দশম সম্মেলন দেখানো হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ। তাই আমরা বিশ্বাস করি, নিবন্ধন ও প্রতীক জিএম কাদেরের নামে বহাল থাকবে। যারা দাবি করছেন, তাদের দাবিটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
উল্লেখ্য, আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন একাংশ নিজেদের মূল জাপা দাবি করে গত আগস্টে ইসিতে চিঠি দিয়েছে। এছাড়াও, রওশন এরশাদপন্থি একটি অংশও জাপাকে নিজেদের বলে দাবি করেছে।
গত কয়েকদিন আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাপা প্রসঙ্গে বলেন, “জাতীয় পার্টির কথা বললে আমি কনফিউজড হয়ে যাই। ওখানে তো হাফ ডজন আছে।”













