নরসিংদীতে হাসপাতাল ভাঙচুর ও স্টাফ লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন। ছবি- সাদ্দাম উদ্দিন রাজ।
২৮ সেপ্টেম্বর রবিবার নরসিংদীর প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসাকালীন রোগীদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্খিত দুর্ঘটনার কারণে হাসপাতাল ভাঙচুর, নিয়োজিত ডাক্তার, নার্স ও কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন। কোর্ট রোডের সদর উপজেলা মোড়স্থ প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে পর্যন্ত মানববন্ধনে জেলার প্রায় ৩ শতাধিক হাসপাতাল, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ প্রায় ৩ হাজার কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে হাসপাতাল ও ক্লিনিক মালিকরা বলেন, “গত এক বছরে জেলায় অন্তত অর্ধশত হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারী, নার্স ও চিকিৎসকরা হয়রানির শিকার হয়েছেন। এসব অনাকাঙ্খিত ঘটনা এড়াতে স্বাস্থ্য সেবায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা প্রদান, অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের নিশ্চয়তা প্রদান আমাদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম।”
পরবর্তীতে মানববন্ধনকারীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। এসোসিয়েশনের নেতৃবৃন্দ ভবিষ্যতে এ ধরনের হামলা, ভাঙচুরসহ অনাকাঙ্খিত ঘটনা ঘটলে নরসিংদীসহ সারাদেশে চিকিৎসাসেবা বন্ধের হুশিয়ারিও দেন।
নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সনেট মোহাম্মদ নোমান বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক-নার্সরা যথাসাধ্য চেষ্টা করে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। সবাই আন্তরিকভাবে চান যেন রোগীরা সঠিক চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ হয়ে উঠেন। কখনও কখনও অনাকাঙ্খিত ঘটনা ঘটে। এসব ঘটনার সঠিক তদন্তের আগে ভুল তথ্য ছড়িয়ে দিয়ে অভিযোগ তুলে হাসপাতাল ভাঙচুর হয়ে থাকে। চিকিৎসকসহ স্টাফরা শারীরিকভাবে লাঞ্চিত হওয়ার ঘটনাও ঘটেছে। আমরা চাই এসব অনাকাঙ্খিত ঘটনা যেন আর না ঘটে এবং সব ঘটনার সঠিক তদন্ত করা হোক।”
মানববন্ধনে নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা: এহতেশামুল হকের সভাপতিত্বে জেলাসহ ৬ উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক মালিকরা বক্তব্য দেন।










