মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গাড়িতে আগুন
রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেন আন্দোলনকারীরা।
রোববার সকাল আটটার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশনের প্রবেশপথও বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই সড়ক আটকে বিক্ষোভ করছিলেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানালে বেলা সোয়া ১১টার দিকে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
এ সময় জলকামান থেকে পানি ছোড়ার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে তারা আবার সংগঠিত হয়ে বিভিন্ন অলিগলির প্রবেশমুখে অবস্থান নেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
বেলা সোয়া ১২টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে চলে যান। এরপর ওই এলাকায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তবে বিভিন্ন অলিগলিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি অব্যাহত ছিল।
এদিকে মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এর আগের দিন শনিবারও একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। সেদিন মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে।
অন্যদিকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের জন্য আজ মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।










