দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক
বর্তমানে দেশের ব্যাংকগুলোতে লেনদেনের ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি স্পষ্ট করে বলেছেন, দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি।
রোববার (২৫ অক্টোবর) আরিফ হোসেন খান বলেন, নিরাপত্তার কারণে যেসব ব্যাংক তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে, সেগুলো নিরাপত্তা নিশ্চিত করে শিগগিরই আবার চালু করা হবে।
সাইবার হামলার আশঙ্কায় গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। তিন দিন পর রোববার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি আবার চালু করা হয়েছে।
তবে এই তিন দিন ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের আর্থিক লেনদেনে কোনো সমস্যা হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ওয়েবসাইটে কোনো ত্রুটি রয়েছে কি না, তা যাচাই করা হয়েছিল। বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কা থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়। ঝুঁকি কেটে যাওয়ায় এটি আবার চালু করা হয়েছে।
বর্তমানে সরকারি সেবা, ব্যাংকিং, ই-কমার্স, সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনায় ইন্টারনেট ও সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব ওয়েবসাইটের বড় একটি অংশ পিএইচপি প্রোগ্রামিং ভাষার ওপর নির্ভরশীল। সম্প্রতি এই ভাষায় দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশের সরকার জরুরি পদক্ষেপ নিয়েছে। ত্রুটির বিষয়টি সামনে আসার পর গত বুধবার রাত থেকে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইট বন্ধ করে দেয়। এরপরও লাখ লাখ বার হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।










