সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:৪৫ এম
জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি’র আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে দেশটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময়ে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ কর্মকর্তাবৃন্দ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

উল্লেখ্য, রোববার দিবাগত রাত বাংলাদেশ সময় ১২টা ১০ মিনিটে সীমিতসংখ্যক সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে জাপানের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:৪৫ পিএম
বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা

রাজধানী ঢাকা বায়ুদূষণের দিক থেকে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে। সোমবার (২৬ অক্টোবর) শহরটির বায়ুমান সূচক ছিল ১৬৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ২০৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ১৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। পাকিস্তানের আরেক শহর করাচি ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় এবং ভিয়েতনামের হ্যানয় ১৭২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। ১৬৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। সূচক ৩০১ ছাড়িয়ে গেলে বাতাসের মানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণ করা হয় পাঁচ ধরনের দূষণকারী উপাদানের ভিত্তিতে। এগুলো হলো বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং ওজোন।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস চিহ্নিত করা হয়। এগুলো হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাবালি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণে মৃত্যুর ঝুঁকি বাড়ে। বিশ্বজুড়ে এসব কারণে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

 

মেয়ের বটির কোপে প্রাণ গেল বৃদ্ধ মায়ের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:৪৩ পিএম
মেয়ের বটির কোপে প্রাণ গেল বৃদ্ধ মায়ের

ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী মাকে হত্যা করেছেন মানসিকভাবে অসুস্থ বলে পরিচিত মেয়ে রিনা আক্তার রানু (৩৮)। রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের পূর্ব চন্দ্রপুর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সেতারা বেগম ওই গ্রামের মৃত হোসেন আহমেদের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে রানু আক্তার অস্বাভাবিক আচরণ করছিলেন। সম্প্রতি তিনি তাঁর স্বামীকেও মারধর করেন। এরপর পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য কিছুদিন আগে তাঁকে বাবার বাড়িতে নিয়ে আসেন। সেখানে তাঁর মানসিক সমস্যাসহ অন্যান্য রোগের চিকিৎসা চলছিল।

রোববার রাতে হঠাৎ রানু ঘরের অন্য সদস্যদের একটি কক্ষে আটকে রেখে ধারালো বটি দিয়ে তাঁর মাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সেতারা বেগমের মৃত্যু হয়। এরপর বটি হাতে নিয়ে রানু ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে ছোটাছুটি করতে থাকেন এবং ভেতর থেকে দরজা বন্ধ করে রাখেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর বসতঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ সেতারা বেগমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রানুকে আটক করা হয়েছে।

দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির মানসিক সমস্যা থাকতে পারে বলে মনে হয়েছে। তাঁকে আটক করা হয়েছে।

 

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মালয়েশিয়ায় প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:৫০ পিএম
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মালয়েশিয়ায় প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মালয়েশিয়া যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৫ অক্টোবর কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত এ সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি ও নবগঠিত কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ। এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন। সভা সঞ্চালনা করেন সংগঠনটির সহসভাপতি পদমর্যাদার প্রচার সম্পাদক বাদল কারার।

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদযাপনের আগ্রহ প্রকাশ করেন নেতারা। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরীণ বিষয় ও মতপার্থক্য দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দলীয় কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতামত তুলে ধরেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সভাপতি মো. জসিম উদ্দিন ও মো. রমজান আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক