সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মুসলিম পরিচয়ে প্রেম, বিয়ের আসরে পরিচয় ফাঁসের পর নারীর আ’ত্ম’হ’ত্যা

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:২২ পিএম
মুসলিম পরিচয়ে প্রেম, বিয়ের আসরে পরিচয় ফাঁসের পর নারীর আ’ত্ম’হ’ত্যা

কুড়িগ্রামের উলিপুরে ফেসবুকে মুসলিম পরিচয়ে প্রতারণার শিকার এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার অপবাদ সইতে না পেরে নাজমা খাতুন (৪৪) নামের এক স্বামী পরিত্যক্তা নারী আত্মহত্যা করেছেন। রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের পশ্চিম নাওড়া এলাকায় নিজ বাড়ির গোয়ালঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম নাওড়া এলাকার আব্দুল খালেকের মেয়ে নাজমা খাতুনের সঙ্গে প্রায় ছয় মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাইদুর রহমান পলাশ পরিচয়ে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিজেকে রেল পুলিশের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন অজুহাতে ওই নারী যুবকের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। গত শুক্রবার সন্ধ্যায় নাজমার সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়রা তাদের আটক করেন এবং রাতেই তাদের বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বিয়ের নিবন্ধনের সময় যুবকের জাতীয় পরিচয়পত্র দেখলে তার আসল পরিচয় ফাঁস হয়ে যায়। জানা যায়, ওই যুবকের প্রকৃত নাম দুলাল চন্দ্র (৫৩), যিনি পার্শ্ববর্তী পান্ডুল ইউনিয়নের অমল চন্দ্রের ছেলে।

পরিচয় প্রকাশের পর বিয়ে পণ্ড হয়ে যায় এবং স্থানীয় প্রভাবশালীদের উপস্থিতিতে বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়। ধামশ্রেণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ও পান্ডুল ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জিয়াউল হক বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শনিবার রাতে উভয় পক্ষের স্বজনদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে ভুক্তভোগী নারীর ক্ষতিপূরণ বাবদ অভিযুক্ত যুবককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উপস্থিত স্বজনদের হাতে সেই টাকা তুলে দেওয়া হয়। তবে সালিশের পর থেকেই হিন্দু যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ও পণ্ড হওয়া বিয়ে নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও সামাজিক অপবাদের মুখে পড়েন নাজমা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অবশেষে এসব অবমাননা ও মানসিক চাপ সইতে না পেরে রোববার দুপুরে নিজ বাড়ির গোয়ালঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং সোমবার সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় মৃত নারীর পরিবারের পক্ষ থেকে আইনি অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে, এবং অভিযোগ পেলে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:৪৫ পিএম
বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা

রাজধানী ঢাকা বায়ুদূষণের দিক থেকে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে। সোমবার (২৬ অক্টোবর) শহরটির বায়ুমান সূচক ছিল ১৬৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ২০৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ১৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। পাকিস্তানের আরেক শহর করাচি ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় এবং ভিয়েতনামের হ্যানয় ১৭২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। ১৬৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। সূচক ৩০১ ছাড়িয়ে গেলে বাতাসের মানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণ করা হয় পাঁচ ধরনের দূষণকারী উপাদানের ভিত্তিতে। এগুলো হলো বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং ওজোন।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস চিহ্নিত করা হয়। এগুলো হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাবালি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণে মৃত্যুর ঝুঁকি বাড়ে। বিশ্বজুড়ে এসব কারণে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

 

মেয়ের বটির কোপে প্রাণ গেল বৃদ্ধ মায়ের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:৪৩ পিএম
মেয়ের বটির কোপে প্রাণ গেল বৃদ্ধ মায়ের

ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী মাকে হত্যা করেছেন মানসিকভাবে অসুস্থ বলে পরিচিত মেয়ে রিনা আক্তার রানু (৩৮)। রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের পূর্ব চন্দ্রপুর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সেতারা বেগম ওই গ্রামের মৃত হোসেন আহমেদের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে রানু আক্তার অস্বাভাবিক আচরণ করছিলেন। সম্প্রতি তিনি তাঁর স্বামীকেও মারধর করেন। এরপর পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য কিছুদিন আগে তাঁকে বাবার বাড়িতে নিয়ে আসেন। সেখানে তাঁর মানসিক সমস্যাসহ অন্যান্য রোগের চিকিৎসা চলছিল।

রোববার রাতে হঠাৎ রানু ঘরের অন্য সদস্যদের একটি কক্ষে আটকে রেখে ধারালো বটি দিয়ে তাঁর মাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সেতারা বেগমের মৃত্যু হয়। এরপর বটি হাতে নিয়ে রানু ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে ছোটাছুটি করতে থাকেন এবং ভেতর থেকে দরজা বন্ধ করে রাখেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর বসতঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ সেতারা বেগমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রানুকে আটক করা হয়েছে।

দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির মানসিক সমস্যা থাকতে পারে বলে মনে হয়েছে। তাঁকে আটক করা হয়েছে।

 

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মালয়েশিয়ায় প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:৫০ পিএম
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মালয়েশিয়ায় প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মালয়েশিয়া যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৫ অক্টোবর কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত এ সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি ও নবগঠিত কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ। এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন। সভা সঞ্চালনা করেন সংগঠনটির সহসভাপতি পদমর্যাদার প্রচার সম্পাদক বাদল কারার।

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদযাপনের আগ্রহ প্রকাশ করেন নেতারা। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরীণ বিষয় ও মতপার্থক্য দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দলীয় কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতামত তুলে ধরেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সভাপতি মো. জসিম উদ্দিন ও মো. রমজান আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক