“নিম্নকক্ষে পিআর চাই না, উচ্চকক্ষে পদ্ধতি চাই”: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) চায় না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। নাহিদ ইসলাম বলেন, “আমরা নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর পদ্ধতি চাই। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদের বিকল্প নেই।”
তিনি আরও জানান, এই মুহূর্তে এনসিপি কোনো জোটে যাচ্ছে না। জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। নাহিদ ইসলাম বলেন, “আমরা স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবো। যেহেতু আমরা গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে চাই, তাই যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য নির্দেশনা দিয়েছি।”
অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি দিয়ে মাঠে নামার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। প্রতিটি উপজেলায় উঠান বৈঠক চালিয়ে ২৪ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো হবে। নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, শাপলা প্রতীক পাবেন। তিনি বলেন, “শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে নির্বাচন কমিশন কোনো যথাযথ যুক্তি দিতে পারেনি। আমরা নিবন্ধন পেতে যাচ্ছি।”
দলের নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করতে পারছে অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলাবাহিনীর সক্ষমতার অভাবের কারণে। তিনি উল্লেখ করেন, “আওয়ামী লীগ নানাভাবে সংগঠিত হচ্ছে, সরকারের ভেতর থেকেই তাদের সহায়তা করা হচ্ছে।”












