শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বিনিয়োগ টানতে মালয়েশিয়ায় শিল্পায়নের মহাসমাবেশ সেলাঙ্গর ব্যবসা সম্মেলনে ৮ দেশের ১৯৮ স্টল, রয়েছে বাংলাদেশও

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৩০ পিএম
বিনিয়োগ টানতে মালয়েশিয়ায় শিল্পায়নের মহাসমাবেশ সেলাঙ্গর ব্যবসা সম্মেলনে ৮ দেশের ১৯৮ স্টল, রয়েছে বাংলাদেশও

বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ, আধুনিক শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে মালয়েশিয়ায় শুরু হয়েছে চার দিনব্যাপী সেলাঙ্গর বিনিয়োগ ও শিল্পপার্ক প্রদর্শনী (স্পার্ক) ২০২৬। মঙ্গলবার (১৪ অক্টোবর) কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (কেএলসিসি) জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সেলাঙ্গর আন্তর্জাতিক ব্যবসা সম্মেলনের (এসআইবিএস) উদ্বোধন করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী দাতুক সেরি আমিরুদ্দিন শারি। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন।

সম্মেলনের অন্যতম আকর্ষণ স্পার্ক ২০২৬ প্রদর্শনীতে বাংলাদেশসহ আটটি দেশের প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মোট ১৯৮টি স্টলে তুলে ধরা হচ্ছে বিভিন্ন দেশের বিনিয়োগ সম্ভাবনা, শিল্পায়ন পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ও ব্যবসায়িক সুযোগ। অংশগ্রহণকারী অন্য দেশগুলো হলো জাপান, ফিলিপাইন, কেনিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের বিশেষ উদ্যোগ ও সহযোগিতায় এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছে ইনভেস্ট বাংলাদেশ এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন ২৩-এর মালয়েশীয় সহযোগী প্রতিষ্ঠান ‘ব্রেইন স্টেশন ২৩ টেক এসডিএন বিএইচডি’।

এ অংশগ্রহণের মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে বাংলাদেশের সফটওয়্যার প্রকৌশল, ডিজিটাল উদ্ভাবন ও আন্তর্জাতিক প্রযুক্তিসেবা দেওয়ার সক্ষমতা তুলে ধরা হচ্ছে। ব্যাংকিং, আর্থিক প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও খুচরা বিক্রিসহ বিভিন্ন খাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে সেবা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ব্রেইন স্টেশন ২৩-এর।

প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি নিজস্ব চাহিদাভিত্তিক সফটওয়্যার, মুঠোফোনের অ্যাপ, স্বয়ংক্রিয়করণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, উপাত্ত বিশ্লেষণ এবং বর্ধিত ও ভার্চ্যুয়াল বাস্তবতাভিত্তিক প্রযুক্তি সমাধান প্রদর্শন করছে। এসব প্রযুক্তি বিদেশি দর্শনার্থী ও বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি করছে। এর মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রযুক্তিসেবা রপ্তানি এবং দীর্ঘমেয়াদি যৌথ প্রকল্প সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

প্রদর্শনীর প্রথম দিন বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। এ সময় মালয়েশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরাও প্যাভিলিয়ন ঘুরে দেখেন।

উদ্বোধনী বক্তব্যে সেলাঙ্গরের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি রাজ্যটির শিল্পায়ন ও বিনিয়োগ কৌশলের পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি বলেন, সেলাঙ্গর আর শুধু কম খরচে পণ্য উৎপাদনের কেন্দ্র হিসেবে থাকতে চায় না। নিজস্ব উদ্ভাবন, প্রযুক্তি ও মেধাস্বত্বের ভিত্তিতে শিল্পের বিকাশ ঘটিয়ে ‘মালয়েশিয়ায় তৈরি’ ধারণা থেকে ‘মালয়েশিয়ায় নকশা ও প্রকৌশল’ভিত্তিক অর্থনীতিতে প্রবেশ করতে চায় রাজ্যটি।

বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, যারা কেবল সস্তা জমি কিংবা কম মজুরির শ্রম খুঁজছেন, সেলাঙ্গর তাদের লক্ষ্য করে বিনিয়োগ আকর্ষণ করছে না। বরং উন্নত প্রযুক্তি, দক্ষ জনশক্তি, উদ্ভাবন এবং টেকসই অংশীদারত্ব নিয়ে আসতে আগ্রহী বিনিয়োগকারীদের স্বাগত জানানো হচ্ছে।

বিশেষ করে অর্ধপরিবাহী চিপের নকশা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিবেশবান্ধব উচ্চপ্রযুক্তি শিল্পের আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সেলাঙ্গর।

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং শিল্পায়নের উপযোগী পরিবেশ তৈরিতে তিনটি কৌশলগত উদ্যোগ চালু করেছে ইনভেস্ট সেলাঙ্গর বেরহাদ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক হাসান আজহারি ইদ্রিস উদ্যোগগুলো উদ্বোধন করেন।

এগুলোর মধ্যে রয়েছে সেলাঙ্গরের বিনিয়োগ নির্দেশিকা ও প্রচারমূলক প্রকাশনা, দক্ষ জনশক্তির বাজার ও সক্ষমতা নিয়ে বিশেষায়িত প্রতিবেদন এবং ‘ইনভেস্ট সেলাঙ্গর প্রেফার্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ কর্মসূচি।

আয়োজকদের মতে, এসব উদ্যোগের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী শিল্পপার্ক নির্বাচন, দক্ষ কর্মীর প্রাপ্যতা সম্পর্কে ধারণা লাভ এবং বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় তথ্য সহজে পাবেন।

চার দিনব্যাপী এ আয়োজন বৈশ্বিক বিনিয়োগকারী, শিল্পপার্ক উন্নয়নকারী এবং উৎপাদন খাতের প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে কাজ করছে।

প্রদর্শনীতে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় আবাসন ও শিল্পপার্ক উন্নয়নকারী প্রতিষ্ঠান ইকোওয়ার্ল্ড, সিমে ডার্বি প্রপার্টি, সানওয়ে রাওয়াং সিটি ও এনসিটি গ্রুপ অংশ নিয়েছে। পাশাপাশি স্যান্ডিস্ক, নেক্সপেরিয়া, অপস্টার ও স্কাইচিপসহ ১৪০টিরও বেশি প্রযুক্তিপ্রতিষ্ঠান তাদের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরছে।
এবারের সম্মেলনে চীন, বাংলাদেশ, কানাডা, জার্মানি, ভারত ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা ৩৫ জন উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধিকে আতিথ্য দিচ্ছে ইনভেস্ট সেলাঙ্গর। তাঁদের জন্য একান্ত ব্যবসায়িক বৈঠক, শিল্পপার্ক সরেজমিনে পরিদর্শন এবং ব্যবসায়িক যোগাযোগ তৈরির বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নও এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়। সেলাঙ্গর পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ‘দূষিত পানি নিঃসরণ শূন্যে নামিয়ে আনার নীতি’ এবং পানি পুনর্ব্যবহারের উদ্যোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে। এ ছাড়া জাপানের টোকিও ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহায়তা কেন্দ্রের সহযোগিতায় আন্তসীমান্ত ব্যবসা নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হিসেবে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘পারমাণবিক শক্তি: আসুন আলোচনা করি’ শীর্ষক উচ্চপর্যায়ের সেমিনার। ওয়ার্ল্ডওয়াইড হোল্ডিংস বেরহাদের আয়োজনে এতে মালয়েশিয়ার পরমাণু শক্তি উপদেষ্টা পরিষদের প্রতিনিধি এবং জ্বালানি খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন। সেমিনারে দেশটির ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা ও পারমাণবিক শক্তির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আলোচনা এবং সম্ভাব্য কর্মপরিকল্পনা তুলে ধরার কথা রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, স্পার্ক ২০২৬ মালয়েশিয়ার শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণে ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশগুলোর জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে বাণিজ্য ও প্রযুক্তিসেবা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করবে।

সৌদি আরব-যাত্রী ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার যাত্রীর ভোগান্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৮:৪৬ পিএম
সৌদি আরব-যাত্রী ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের প্রভাব পড়েছে ঢাকা-সৌদি রুটের ফ্লাইট চলাচলে। এ পর্যন্ত ১০৭টি ফ্লাইট ব্যাহত বা বাতিল হয়েছে। এর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইটের ১৬ হাজার ৬২০ জন যাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট ব্যাহত হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৪টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ফ্লাইট চলাচলে এ বিঘ্নের কারণে সৌদি আরবগামী ও সেখান থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীদের ভোগান্তি বেড়েছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অনেক যাত্রী। ট্রানজিট ফ্লাইট ব্যাহত হওয়ায় বিকল্প রুটে যাতায়াতের ক্ষেত্রেও তৈরি হয়েছে জটিলতা।

বেবিচক জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণে কাজ চলছে। পরিস্থিতির উন্নতি ও বিমানবন্দরগুলোর বিধিনিষেধ শিথিল হওয়ার ওপর ফ্লাইট চলাচলের স্বাভাবিকতা নির্ভর করছে।

লেহরা দো তিরঙ্গা

অভিজিৎ দীপকের পর এবার আটক নেহা বোরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৮:০৫ পিএম
অভিজিৎ দীপকের পর এবার আটক নেহা বোরা

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লেহরা দো তিরঙ্গা’ মার্চ ঠেকাতে পুলিশের ধরপাকড় অব্যাহত রয়েছে। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটকের পর এবার অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ।

 

শুক্রবার (১৬ অক্টোবর) মধ্য দিল্লির মান্ডি হাউস এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ এবং সিজেপির দুই নেতার গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার বিকেলে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে সমবেত হওয়ার কর্মসূচি ঘোষণা করেছিল সিজেপি।

 

তবে ‘লেহরা দো তিরঙ্গা’ নামের এই কর্মসূচি শুরু হওয়ার কয়েক মিনিট আগেই আন্দোলনের নেতাদের আটক করল দিল্লি।

 

এরআগে অভিজিৎ দীপককে তার ঝান্ডেওয়ালানের বাসা থেকে আটক করা হয়।

 

এনডিটিভি জানিয়েছে, আটকের আগে দিল্লি পুলিশ দীপকেকে একটি নোটিশ দেয়।

 

নোটিশে বলা হয়, কনট প্লেস এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। অনুমতি ছাড়া মিছিল বা বড় ধরনের জমায়েত করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

 

পুলিশ জানিয়েছে, জাতীয় পতাকা ওড়ানো নিষিদ্ধ নয়; তবে নিষেধাজ্ঞা অমান্য করে অনুমতিহীন সমাবেশ করা যাবে না।

 

তবে সেই নোটিশের জবাবে অভিজিৎ দীপকে বলেন, জাতীয় পতাকা ওড়ানোর জন্য কারাগারে যেতে হলেও তিনি প্রস্তুত। এরপরই তাকে আটক করা হয়।

 

আটক হওয়ার আগে তিনি আরও বলেন, সিজেপির নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের চেষ্টা করছে সরকার। যদিও তাদের দাবি সরকার পরিবর্তন নয়; বরং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরিয়ে নিরপেক্ষ ও স্বাধীনভাবে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া।

 

এরআগে গত বুধবার সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

 

মূলত, দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনায় কারাগারে পাঠানো প্রতিবাদে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচির ডাক দেয় সিজেপি। জন্তর মন্তরকে নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার পর নতুন কর্মসূচির জন্য সেন্ট্রাল পার্ককে বেছে নেয় দলটি।

 

তবে পুলিশ জানিয়েছে, এই জমায়েতের জন্য অনুমতি দেওয়া হয়নি এবং নিষেধাজ্ঞা অমান্য করে সমাবেশ করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

 

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ নিহত ৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৮:০২ পিএম
যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ বছর বয়সী এক কিশোরের গুলিতে তিন শিশু ও একজন শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শিশু ও একজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন। হামলাকারী কিশোরও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে ওরেগনের বেন্ড শহরের সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে।

নিহত তিন শিশুর বয়স পাঁচ, আট ও ১১ বছর। অন্যদিকে, গুরুতর আহত সাত বছর বয়সী শিশু ও ৫৪ বছর বয়সী শিক্ষককে স্থানীয় সেন্ট চার্লস বেন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন শিশু, একজন শিক্ষক এবং সন্দেহভাজন হামলাকারী রয়েছে। হামলাকারী ১৬ বছর বয়সী বেন্ড শহরেরই বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টার কিছুক্ষণ আগে এক ব্যক্তি জরুরি সেবা নম্বরে ফোন করে জানান, এক ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি চালিয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই স্কুলের ভেতর থেকে জরুরি সেবা নম্বরে একের পর এক ফোন আসতে থাকে। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

প্রথম ফোন পাওয়ার প্রায় তিন মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে স্কুলটি লকডাউন করে দেওয়া হয়েছিল।

পুলিশপ্রধান মাইক ক্রান্টজ জানিয়েছেন, হামলাকারী কিশোর স্কুলের তালাবদ্ধ দরজা লক্ষ্য করে গুলি চালিয়ে ভেতরে প্রবেশ করে।

হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, কতগুলো গুলি ছোড়া হয়েছে, তা জানতে চাওয়া হলে তিনি জানান, হামলাকারীর কাছে একটি লম্বা বন্দুক ছিল।

তবে সেটি ঠিক কোন ধরনের বন্দুক, তা এখনো প্রকাশ করেননি তিনি। এছাড়াও হামলাকারী ওই স্কুলের শিক্ষার্থী ছিল কিনা কিংবা স্কুলের কাউকে আগে থেকে চিনতো কি না, সেই বিষয়েও পুলিশ এখনো নিশ্চিত নয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে এসে তারা হামলাকারীকে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় দেখতে পান।

পুলিশপ্রধান মাইক ক্রান্টজ বলেন, একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি হামলাকারী কিশোরকে স্কুলে প্রবেশ করতে দেখেছিলেন। এরপর ওই ব্যক্তিও হামলাকারী কিশোরকে অনুসরণ করে স্কুলের ভেতরে প্রবেশ করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির গুলিতেই হামলাকারী নিহত হয়েছে।

বেন্ড পুলিশ বিভাগের যোগাযোগ বিষয়ক ব্যবস্থাপক শিলা মিলার সাংবাদিকদের জানান, দুপুর ১টা ২ মিনিটের দিকে সন্দেহভাজন হামলাকারী কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

হামলাকারী কিশোর কিংবা কিশোরকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি সম্বন্ধে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।

তবে এই ঘটনার পর পুলিশ স্কুলের প্রতিটি কক্ষ তল্লাশি করে এবং পুরো ভবন নিরাপদ বলে নিশ্চিত করে। এরপর শিক্ষার্থীদের কাছের একটি গির্জায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই শিক্ষার্থীদের নিজ নিজ অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

ওরেগনের গভর্নর টিনা কোটেক বলেছেন, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জীবন চিরতরে বদলে গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। সেখানে শিক্ষকসহ ৪০ জনের বেশি কর্মী রয়েছেন।

এ ঘটনার পর ওই এলাকার সব স্কুল শুক্রবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, ‘কে-১২ স্কুল শুটিং ডেটাবেস’ এর তথ্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে ২৩৫টি গুলির ঘটনা ঘটেছিল এবং চলতি বছর এখন পর্যন্ত অন্তত ১৪০টি ঘটনা ঘটেছে।

সূত্র: বিবিসি

প্রবাহ বাংলা নেটওয়ার্ক