শ্রমিকের নিরাপত্তা-স্বাস্থ্য মৌলিক অধিকার
আইএলও সনদ বাস্তবায়নে মালয়েশিয়ায় প্রথম প্রতিবেদন তৈরির কর্মশালা
শ্রমিকের কর্মক্ষেত্রের নিরাপত্তা ও স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সনদ বাস্তবায়নে বিশেষ কর্মশালা করেছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সেলাঙ্গরের বানগিতে ১৯৮১ সালের কর্মক্ষেত্রের নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক আইএলও কনভেনশন-১৫৫-এর ২২ অনুচ্ছেদের অধীনে প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইএলওর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কার্যালয়, ব্যাংককের সহযোগিতা ও বিশেষজ্ঞ সহায়তায় কর্মশালাটি আয়োজন করা হয়। এতে আইএলওর কর্মক্ষেত্রের নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ড. ইউকা উজিতা এবং আন্তর্জাতিক শ্রমমান ও শ্রম আইনবিষয়ক বিশেষজ্ঞ জাজুন কুয়ে অংশ নেন।
কর্মশালার উদ্বোধন করেন কেসুমার আন্তর্জাতিক বিভাগের সচিব দাতিন শ্রী নরফালিজা বিনতি ইসমাইল। তিনি বলেন, এ উদ্যোগ শুধু আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা পূরণের বিষয় নয়; বরং সরকার, নিয়োগকর্তা ও শ্রমিক—এই তিন পক্ষের সমন্বয়ের মাধ্যমে ত্রিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার একটি কৌশলগত প্ল্যাটফর্ম।
কর্মশালায় মালয়েশিয়ার সরকার, মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশন (এমইএফ) এবং মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (এমটিইউসি)-এর মধ্যে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আইএলওর কনভেনশন ও সুপারিশ বাস্তবায়নবিষয়ক বিশেষজ্ঞ কমিটির (সিইএকর) কাছে মালয়েশিয়ার প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে সরকার, নিয়োগকর্তা ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বিত অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়। সংশ্লিষ্টদের মতে, এর মাধ্যমে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক আইন, চর্চা এবং বাস্তবায়নের কার্যকারিতা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা সম্ভব হবে।
কর্মশালায় মূলত আইএলও কনভেনশন-১৫৫ বাস্তবায়ন নিয়ে মালয়েশিয়ার প্রথম প্রতিবেদন তৈরির কৌশলগত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ২০২৪ সালের ১১ জুন মালয়েশিয়া কনভেনশনটি অনুমোদন করার পর প্রথমবারের মতো এ প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।
আইএলওর ‘ডিসেন্ট ওয়ার্ক’ বা মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের এজেন্ডার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয় কর্মশালায়।
কেসুমা জানিয়েছে, আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন আরও শক্তিশালী করার পাশাপাশি মালয়েশিয়ার প্রতিটি শ্রমিকের নিরাপত্তা, স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের চলমান অঙ্গীকারের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা ও স্বাস্থ্যকে প্রতিটি কর্মজীবী মানুষের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করাই এর অন্যতম লক্ষ্য।












