মালয়েশিয়ার রাজকীয় খেতাব পেলেন দুই মন্ত্রী
রাজকীয় খেতাব পেলেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানান ও স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল। কেলান্তানের সুলতান মুহাম্মদ পঞ্চমের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার কোটাবারুর ইস্তানা বালাই বেসারে আয়োজিত অনুষ্ঠানে তাদের দারজাহ কেবেসারান জিওয়া মাহকোতা কেলান্তান ইয়াং আমাত মুলিয়া (এসজেএমকে)-এর প্রথম সম্মানসূচক সদস্যপদ বা ‘সেরি পদুকা’ প্রদান করা হয়। এ সম্মাননার সঙ্গে ‘দাতুক’ উপাধি যুক্ত।
সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এবার কেলান্তান রাজ্যের ৭৬৭ জনকে বিভিন্ন রাজকীয় সম্মাননা ও পদক দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৫ জনকে ‘দাতুক’ উপাধি দেওয়া হয়।

সম্মাননা পাওয়ার পর রামানান সুলতান মুহাম্মদ পঞ্চমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সম্মাননাকে তিনি শুধু স্বীকৃতি হিসেবে দেখছেন না; বরং রাজা, জনগণ ও দেশের জন্য আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার দায়িত্ব ও আস্থা হিসেবে গ্রহণ করছেন।
রামানানের সঙ্গে একই সম্মাননা পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল, সিল্কওয়ে গ্রুপের নির্বাহী চেয়ারম্যান দাতুক দানিয়ার কেসিকবায়েভ এবং লে মার্সিয়ার ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক লিওন এমিল লে’মার্সিয়ার।

সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল তান শ্রী মালেক রাজাক সুলেইমান ও সেনাপ্রধান জেনারেল তান শ্রী আজহান মো. ওসমানও পেয়েছেন রাজকীয় সম্মাননা। তাদের দারজাহ কেবেসারান কেসাতেরিয়া মাহকোতা কেলান্তান ইয়াং আমাত পারকাসা-এর প্রথম সম্মানসূচক সদস্যপদ দেওয়া হয়েছে।
এ ছাড়া সামরিক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, বিচারক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদেরও বিভিন্ন পর্যায়ের রাজকীয় খেতাব ও পদক দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ১২ জনকে শান্তির বিচারক হিসেবেও নিয়োগ দেওয়া হয়।










