জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে একদল লোক মিছিল নিয়ে এসে তাঁর বাসায় হামলা চালান বলে অভিযোগ করেছেন তিনি।
জি এম কাদের জানান, সকাল সাড়ে ১০টার দিকে একদল লোক মিছিল নিয়ে তাঁর বাসার সামনে এসে হইচই শুরু করেন। এ সময় তাঁকে নাম ধরে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বাসার ফটক বন্ধ থাকায় হামলাকারীরা ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে বাইরে থেকে বাসা লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। এতে বাড়ির সামনের জানালাসহ বিভিন্ন স্থানের কাচ ভেঙে যায়।
জি এম কাদের বলেন, পরে পুলিশ ও অন্য লোকজন ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা চলে যান। হঠাৎ কেন এ হামলা চালানো হয়েছে, তা তিনি জানেন না। হামলাকারীরা তাঁকে ভারতের ও আওয়ামী লীগের দালাল বলাসহ বিভিন্ন ধরনের গালিগালাজ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। তবে বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা সেখান থেকে চলে যান। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।













