শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে আটক ৪
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্ম বা গ্রাফিতিতে কালি লেপে দিতে গিয়ে পুলিশের হাতে চারজন আটক হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে গ্রাফিতি মোছার চেষ্টা করার সময় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনকে আটক করে হেফাজতে নেয় পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, গ্রাফিতি মুছে ফেলার সময় পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। এ সময় বাধা দেওয়া হলে সেখানে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
ঘটনাস্থলে উপস্থিত এক নারী কালি ছেটানোর চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্য আটকান। এ বিষয়ে জানতে চাইলে উক্ত নারী জানান, তারা ‘ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদ’ হিসেবে এ কর্মসূচি পরিচালনা করছিলেন।
পুলিশি বাধার মুখে পড়ে আয়াসের নেতৃত্বে সেখানে উপস্থিত ব্যক্তিরা স্লোগান দিতে শুরু করেন। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই চারজনকে থানা হেফাজতে নিয়ে যায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, আটক তিন পুরুষ ও এক নারীকে থানায় রাখা হয়েছে। তাঁদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর সেগুনবাগিচা এলাকার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরিচ্ছন্নতা অভিযানের পর দেওয়ালে সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা কালজয়ী ব্যক্তিত্ব যেমন- শিল্পাচার্য জয়নুল আবেদিন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গ্রাফিতি আঁকা হয়।
তবে শুক্রবার ‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামের একটি ফেসবুক পেজে কতিপয় ব্যক্তিত্বের গ্রাফিতি আঁকা নিয়ে বিতর্ক তোলা হয়। এর জের ধরে শনিবার দুপুরে গ্রাফিতিগুলো মুছে ফেলতে যান ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যরা।









