ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এলাকাটিকে বিক্ষোভ ও এরূপ কর্মসূচির তালিকা থেকে বাদ দিয়ে নতুন তিনটি স্থান নির্ধারণ করেছে দিল্লি পুলিশ। খবর, এনডিটিভির।
সোমবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।
এতে বলা হয়— রাজধানী দিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য নতুন করে তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এসব স্থান চূড়ান্ত করা হয়েছে।
এতদিন বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসা দিল্লির কেন্দ্রস্থলে উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকা যন্তর মন্তরে আর বিক্ষোভ করা যাবে না। নতুন তিনটি স্থান হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান।
মূলত ভোট চুরি বন্ধ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) স্থগিত এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির কেন্দ্রস্থলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের মধ্যেই এলো এমন সিদ্ধান্ত।