রায়পুরায় রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নিহত ব্যক্তির নাম মানিক মিয়া (৬৫)
নরসিংদীর রায়পুরা উপজেলায় বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম মানিক মিয়া (৬৫)। গতকাল রোববার রাত ১০টা থেকে দেড়টার মধ্যে উত্তর বাখরনগরের জঙ্গি শিবপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। আজ সোমবার সকালে পুলিশ আড়িয়াল খাঁ নদের পাড়সংলগ্ন সড়ক থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
মানিক মিয়া ওই এলাকারই বাসিন্দা ছিলেন। কে বা কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।

স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ির পথে ফিরছিলেন মানিক মিয়া। আড়িয়াল খাঁ নদের পাড় দিয়ে হাঁটার সময় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপানোর পর তাঁকে সড়কে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
মানিক মিয়ার ভাই আরিফ মিয়া জানান, ভাই সাধারণত রাত ৯টার মধ্যেই বাড়িতে ফিরতেন। গতকাল রাতে বাড়ি না ফেরায় এবং ফোন রিসিভ না করায় খোঁজ নিতে বের হয়ে রাত প্রায় দুইটার দিকে সড়কের পাশে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান।
পরে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় সুরতহাল প্রতিবেদনও তৈরি করা হয়। ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার ও রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মুনসুর।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, নিহতের গলার পেছনে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রাত দশটা থেকে দেড়টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে একটি টর্চলাইট, একটি মোবাইল ফোন ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। তবে হত্যায় ব্যবহৃত অস্ত্র পাওয়া যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।













