সৌদি রাজধানী রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদসহ লোহিত সাগর উপকূলের কয়েকটি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রিয়াদ অভিমুখে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করা হয়েছে। এ ছাড়া অন্য কোনো হামলা বা হতাহতের ঘটনা নিশ্চিত করেনি দেশটি।
এর আগে শনিবার সৌদি রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাংক থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। এর জেরে কিছু সময়ের জন্য বিমান চলাচল ব্যাহত হয়।
হুথিদের হামলা বেড়ে যাওয়ার পর শনিবার প্রথমবারের মতো রিয়াদে বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। গত জুলাই থেকে সৌদি আরবে হুথিদের হামলার মাত্রা বেড়েছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সম্ভাব্য ফ্লাইট বাতিল ও অন্যান্য ভ্রমণ বিঘ্নের বিষয়েও প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ইরান-সমর্থিত হুথিরা বেসামরিক বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। সামরিক সংঘাত দ্রুত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ওই অঞ্চলে এবং অঞ্চলটির মধ্য দিয়ে ভ্রমণের পরিকল্পনা মার্কিন নাগরিকদের গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র বলেন, বিশ, তাইফ, ফারাসান ও ইয়ানবু শহরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো ‘শত্রুতামূলক হামলার চেষ্টা’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল-সারিয়া অনলাইনে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, রিয়াদের ‘গুরুত্বপূর্ণ স্থাপনা’ এবং উপকূলীয় শহর ইয়ানবুতে সৌদি রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে।
তার দাবি, ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানায় সৌদি আরবের হামলার চেষ্টার জবাব হিসেবেই এসব হামলা চালানো হয়েছে। এর আগে আল-সারিয়া অভিযোগ করেছিলেন, গত এক সপ্তাহে সৌদি আরব ইয়েমেনজুড়ে ৩০০টি হামলা চালিয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুথিদের দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। ওই সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি আরব।
সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালানোর দাবি করেছে হুথিরা। চলতি সপ্তাহে ইয়েমেনের আকাশে একটি সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে সংগঠনটি।













