জাকসু নির্বাচন
ভোট গণনায় এসে শিক্ষকের মৃত্যু: শোকাবহ পরিবেশে ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে
চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস (৩১) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনা কক্ষের দরজার সামনে হঠাৎ পড়ে যান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস (৩১) আর নেই। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসু নির্বাচনের ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান।
জানা গেছে, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলের পোলিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। ভোট গণনার নির্ধারিত সময় সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তিনি সিনেট ভবনে পৌঁছান। ভবনের তৃতীয় তলায় গণনার কক্ষের সামনে হঠাৎ পড়ে গেলে দ্রুত তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন।
চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীম রেজা বলেন, “গতকাল ভোটগ্রহণ শেষে তিনি বাসায় গিয়েছিলেন। আজ সকালে ভোট গণনার কাজে আসার পর এ দুর্ঘটনা ঘটে। আমরা সবাই শোকাহত।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, বৃহস্পতিবার রাতে ক্লান্তি ও পোলিং এজেন্টের অনুপস্থিতির কারণে সব হলের ভোট একসঙ্গে গণনা করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে গণনা শুরুর সময়েই এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে ভোট গণনার কক্ষে শোকাবহ পরিবেশ নেমে আসে। সহকর্মী কর্মকর্তারা কান্নায় ভেঙে পড়েন। নির্বাচন কমিশনার রেজোয়ানা করিম স্নিগ্ধা উপস্থিতদের উদ্দেশে বলেন, “আমরা সবাই তাঁর জন্য দোয়া করব। তবে প্রক্রিয়াধীন কাজ শেষ করাও আমাদের দায়িত্ব। তাই জান্নাতুল ফেরদৌস যে হলে দায়িত্বে ছিলেন, সেটির ভোট গণনা দ্রুত শেষ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
অকালপ্রয়াণে সহকর্মী, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে।










