স্পেন
বার্সেলোনায় সপ্তাহান্তে ছুরিকাঘাতে অন্তত পাঁচজন আহত
বার্সেলোনায় গত সপ্তাহান্তেই (শনিবার ও রবিবার) ছুরি বা ধারালো অস্ত্রের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শহরের বিভিন্ন এলাকায় পৃথক এসব ঘটনায় আহতদের মধ্যে দুইজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। একটি ঘটনা ঘটেছে সড়কে গাড়ি চালানো নিয়ে বিরোধের জেরে, আরেকটি ঘটনায় জড়িয়েছে একাধিক ব্যক্তি। পৃথক দুটি ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং এক ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার বিকেল থেকে রোববার রাত পর্যন্ত বার্সেলোনার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে ত্রিনিতাত নোভা, সান্ত মারতি, কারমেল ও নউ বাররিস এলাকায় ছুরি হামলার ঘটনা ঘটেছে।
গাড়ি চালানো নিয়ে বিরোধ, মাথায় ছুরিকাঘাত
শনিবার বিকেল ৪টার দিকে ভিয়া ফাভেন্সিয়ার ৩৭৯ নম্বরের কাছে গাড়ি চালানো নিয়ে দুই চালকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হয়। স্থানটি রোন্দা দে দালতের পাশের ত্রিনিতাত নোভা এলাকায়।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বিরোধ একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। দুই চালকের একজন অন্যজনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত ব্যক্তিকে কাতালোনিয়ার জরুরি চিকিৎসা ব্যবস্থা (এসইএম) হাসপাতালে নিয়ে যায়। তাঁর আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।
ঘটনার পর বার্সেলোনা গুয়ার্দিয়া উরবানা হামলাকারীকে খুঁজতে অভিযান শুরু করে। রোববার সকাল পর্যন্ত তাকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
সান্ত মারতিতে সংঘর্ষ, একজন ছুরিকাহত; গ্রেপ্তার ২
শনিবার রাত সোয়া ৯টার দিকে সান্ত মার্তি জেলার লা লাকুনা সড়কে ঘটে আরেকটি ঘটনা। সেখানে অন্তত ১০ জনের মধ্যে বড় ধরনের সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে একজন ছুরিকাহত হন।
খবর পেয়ে মোসোস দেস্কুয়াদ্রার একাধিক টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে আহত ব্যক্তিকে পাওয়ার পর সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।
পরে হুমকি দেওয়ার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোট দুইজনকে আটক করা হয়েছে।
কারমেলে ছুরিকাঘাতে আহত দুই কিশোর
রোববার রাত প্রায় ২টার দিকে কারমেল এলাকার সিগুয়েনজা সড়কে ছুরিকাঘাতে আহত হয় দুই অপ্রাপ্তবয়স্ক।
প্রাথমিকভাবে একজন তরুণ আহত হওয়ার খবর পেয়ে মোসোস দেস্কুয়াদ্রা ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পুলিশ আরও একজনকে আহত অবস্থায় দেখতে পায়। দুজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
পরে দুজনকেই পৃথক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তবে তাদের কারও জীবন শঙ্কায় নেই বলে জানা গেছে।
ঘটনাটির কারণ এবং হামলাকারীদের পরিচয় জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে মোসোস দেস্কুয়াদ্রা।
নউ বাররিসেও ছুরিকাঘাতে আহত
এদিকে সপ্তাহান্তে ছুরি হামলার সর্বশেষ যে ঘটনাটি সামনে এসেছে, সেটি ঘটেছে নউ বারিস জেলার বেরেত সড়কে। সেখানে এক ব্যক্তি ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে এসইএমের দুটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহত ব্যক্তিকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার কারণ এবং হামলাকারী সম্পর্কে বিস্তারিত জানতে মোসোস দেস্কুয়াদ্রা তদন্ত শুরু করেছে।
এক সপ্তাহান্তে একাধিক সহিংস ঘটনা
একই সপ্তাহান্তে বার্সেলোনার বিভিন্ন এলাকায় ধারালো অস্ত্রের হামলায় অন্তত পাঁচজন আহত হওয়ার ঘটনায় শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ও সহিংসতা নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাগুলো পরস্পরের সঙ্গে সম্পৃক্ত কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ পৃথকভাবে প্রতিটি ঘটনার তদন্ত করছে। বিশেষ করে কারমেল ও নউ বারিসের ঘটনাগুলোতে হামলার পেছনের কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।













