সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মিশরে আন্তর্জাতিক মাওলিদ সেমিনারে অংশ নিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা

আফছার হোসাইন, মিশর প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৬ পিএম
মিশরে আন্তর্জাতিক মাওলিদ সেমিনারে অংশ নিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা

হাজার মিনারের দেশ মিশরের রাজধানী কায়রোতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও রাসুলপ্রেমের আবহে আন্তর্জাতিক মাওলিদ সেমিনার, শামায়েলে মুহাম্মাদিয়্যাহ পাঠ, হিফজুল হাদিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
​আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সুফি সংগঠন ‘আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আহ বাংলাদেশ’ (মিশর শাখা)-এর উদ্যোগে কায়রোর ত্বাকি স্কয়ারের নাদি আল-মিয়াহ কনফারেন্স সেন্টারে সম্প্রতি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দরুদ ও সালামের ধ্বনিতে মুখর এ আয়োজনের সূচনায় ছিল পবিত্র কোরআন তেলাওয়াত ও নাত পরিবেশন।সংগঠনটির সভাপতি সাইফুর রহমান আল-আজহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের প্রেসিডেন্ট শাইখ সাইফুল আজম বাবর আল-আজহারী। বিশেষ অতিথি ছিলেন মিশরে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে এবং প্রথম সচিব মো. জাকির হোসাইন।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত আলেম ড. আবদেল ফাত্তাহ আল-আওয়ারি এবং প্রফেসর ড. সুবহি আবদেল ফাত্তাহ রাবি। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাইমুম আল-মাহদী আজহারী ও ওমাইর উদ্দিন ওমর আজহারী।প্রধান অতিথির বক্তব্যে শাইখ সাইফুল আজম বাবর আল-আজহারী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, চরিত্র ও উম্মতের প্রতি তাঁর ভালোবাসার বিভিন্ন দিক তুলে ধরেন।

​হিফজুল হাদিস প্রতিযোগিতার ফল: অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের জন্য আয়োজিত ‘হিফজুল হাদিস’ প্রতিযোগিতা। এতে প্রথম স্থান অর্জন করেন সাইফুল ইসলাম, দ্বিতীয় স্থান লাভ করেন মইনউদ্দিন এবং তৃতীয় স্থান অর্জন করেন ওবায়দুল্লাহ খান। শামায়েলে মুহাম্মাদিয়্যাহ পাঠ ও ইজাযাহ প্রদান,অনুষ্ঠানে ইমাম তিরমিজি (রহ.) রচিত ‘শামায়েলে মুহাম্মাদিয়্যাহ’ পাঠ ও খতমের আয়োজন করা হয়। আল-আজহারের প্রখ্যাত আলেমদের উপস্থিতিতে বিশ্বনবীর (সা.) সীরাত ও মহান চরিত্রের বর্ণনা পাঠ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ঐতিহ্যবাহী ‘ইজাযাহ’ তুলে দেওয়া হয়।

দূতাবাসের আশ্বাস- বিশেষ অতিথির বক্তব্যে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে বলেন, মিশরে অধ্যয়নরত শিক্ষার্থীদের কল্যাণ ও চাহিদার বিষয়টিকে দূতাবাস সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীরা ভবিষ্যতেও দেশের সুনাম অক্ষুণ্ণ রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।​সম্মাননা প্রদান ও সমাপনী,অনুষ্ঠানে আল-আজহার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি তাজদীদের বিন ওদুদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষ পর্বে হিফজুল হাদিস প্রতিযোগিতার বিজয়ী, কৃতী শিক্ষার্থী ও প্রবীণ ব্যক্তিত্বদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।সভাপতি সাইফুর রহমান আল-আজহারীর সমাপনী বক্তব্যের পর মুসলিম উম্মাহর কল্যাণ ও বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি শাইখ সাইফুল আজম বাবর আল-আজহারী। সবশেষে তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক