নেপালে বন্যায় মৃতের সংখ্যা ১০০০ ছাড়াল
নেপালে আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৪ হাজার ৪৬২ জন। নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকের সংখ্যাও উল্লেখযোগ্য।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য সূত্রে অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ২৭৫ জন ভারতীয় ও ১০০ জন চীনা নাগরিক রয়েছেন। উদ্ধার অভিযান যত এগোচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিপুলসংখ্যক মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তকরণ ও সংরক্ষণের জন্য নেপাল সরকার জরুরি ভিত্তিতে ফ্রিজার, ডিএনএ পরীক্ষার কিট, রিমোট সেন্সিং প্রযুক্তি এবং ড্রোন চেয়েছে।
বন্যাকবলিত দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকাজ চালাতে ইতোমধ্যে চীন, দক্ষিণ কোরিয়া ও ভারত থেকে বিশেষ উদ্ধারকারী দল নেপালে পৌঁছেছে।
তবে পার্বত্য অঞ্চলের দুর্গম ভূপ্রকৃতি, ক্ষতিগ্রস্ত সড়ক এবং যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া দলগুলোকে অনেক এলাকায় পায়ে হেঁটে দুর্গম পথ পাড়ি দিতে হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উদ্ধারকারীদের একটি দল প্রায় ১০ ঘণ্টা হেঁটে গিরোং সীমান্ত ক্রসিং এলাকায় পৌঁছালেও সেখানে গিয়ে ভবন বা অন্য কোনো অবকাঠামোর অস্তিত্ব খুঁজে পায়নি।
এদিকে নিখোঁজদের সন্ধানে দুর্গত এলাকাগুলোতে তল্লাশি অব্যাহত রয়েছে। আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উদ্ধার তৎপরতা আরও জোরদারের চেষ্টা করছে নেপাল সরকার।
ভয়াবহ এই বন্যায় বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও অন্যান্য অবকাঠামো। দুর্গম এলাকাগুলোতে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র পুরোপুরি জানা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান শেষ হলে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও স্পষ্ট হবে।
সূত্র:আনাদোলু এজেন্সি













