ক্ষীণ কান্নার শব্দে নেপালে তিন দিন পর জীবিত উদ্ধার ৬ বছরের শিশু
নেপালের ভয়াবহ বন্যায় কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে তিন দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছে ছয় বছরের এক শিশু। শুক্রবার সন্ধ্যায় রসুয়া জেলার তিমুরে গ্রাম থেকে তাকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।
স্থানীয় কর্মকর্তারা জানান, ভোতে কোশি নদীর পানি উপচে তিমুরেসহ রসুয়া জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষ নিখোঁজ হন।
নিখোঁজদের সন্ধানে অভিযান চালানোর সময় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা মাটির নিচ থেকে শিশুর ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান। পরে শব্দের উৎস শনাক্ত করে দ্রুত খনন শুরু করেন তারা। একপর্যায়ে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তিমুরেতে সশস্ত্র পুলিশ বাহিনীর সীমান্ত চৌকিতে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কাঠমান্ডুতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার সন্ধ্যায় হেলিকপ্টারে করে শিশুটিকে কাঠমান্ডু নেওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে তা সম্ভব হয়নি। শনিবার আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে দুপুরে হেলিকপ্টারে করে তাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে শিশুটি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে শিশুটিকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উদ্ধারকর্মীদের প্রশংসা করেন অনেকে। একই সঙ্গে শিশুটির পরিবারকে খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। কর্তৃপক্ষও তার স্বজনদের সন্ধান করছে।
সূত্র: এনডিটিভি









