সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:৫৮ পিএম
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

শিশুদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রে এক মামলায় বড় ধরনের সমঝোতায় পৌঁছেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটা। বুধবার করা এই সমঝোতায় মেটাকে ১ হাজার ৮০০ কোটি ডলার দিতে হবে। একই সঙ্গে শিশু ও কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বেশ কিছু নতুন বিধিনিষেধ চালু করতে হবে।

 

সমঝোতাটি করেছে মেটা ও ৫২ জন অ্যাটর্নি জেনারেলের একটি জোট। আগামী ১০ বছর এসব শর্ত মেনে চলতে হবে মেটাকে। তবে প্রতিষ্ঠানটি কোনো ধরনের আইন ভঙ্গের কথা স্বীকার করেনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

এই সমঝোতার আর্থিক অঙ্কটি বড় হলেও একবারে পুরো অর্থ দিতে হবে না। ১০ বছর ধরে অর্থ পরিশোধ করা হবে। ফলে মেটার ওপর তাৎক্ষণিক আর্থিক চাপ তুলনামূলক কম হবে। ২০২৫ সালে মেটার মোট আয় ছিল ২০০ বিলিয়ন ডলারের বেশি।

 

তবে অর্থের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশুদের জন্য মেটার প্ল্যাটফর্মে আসতে যাওয়া পরিবর্তনগুলো। সমঝোতার অংশ হিসেবে শিশু ও কিশোরদের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা চালু করবে প্রতিষ্ঠানটি।

 

নতুন নিয়মে শিশুদের অ্যাপ ব্যবহারে দৈনিক দুই ঘণ্টার সীমা নির্ধারণ করা হবে। ব্যবহারকারীদের প্রতি ১৫ মিনিট পরপর বিরতি নিয়ে সচেতনভাবে অ্যাপ ব্যবহারের জন্য বার্তা দেখানো হবে।

 

মেটার হিসাবে কোনো অ্যাকাউন্ট অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর বলে শনাক্ত হলে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেটি ডিফল্টভাবে বন্ধ থাকবে। স্কুল চলাকালীন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিজ্ঞপ্তিও বন্ধ রাখা হবে।

 

কিশোরদের পোস্টে কতটি লাইক পড়েছে, তা দেখার ব্যবস্থাতেও পরিবর্তন আনা হবে। নিজের পোস্ট ও অন্যদের পোস্টের লাইক সংখ্যা ডিফল্টভাবে দেখা যাবে না।

 

তবে এসব নিয়ম কার্যকর করার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বয়স যাচাই প্রযুক্তি। কারণ কোনো ব্যবহারকারী শিশু নাকি প্রাপ্তবয়স্ক সেটি সঠিকভাবে শনাক্ত করতে মেটাকে নতুন প্রযুক্তির ওপর নির্ভর করতে হবে।

 

বর্তমানে বয়স যাচাইয়ের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে মুখমণ্ডলের ছবি যাচাই, সরকারি পরিচয়পত্র পরীক্ষা এবং ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ। প্রতিটি পদ্ধতিরই সীমাবদ্ধতা রয়েছে। আচরণ বিশ্লেষণের মাধ্যমে কখনো প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে শিশু হিসেবে শনাক্ত করা হতে পারে। আবার শিশুকেও প্রাপ্তবয়স্ক হিসেবে শনাক্ত করার আশঙ্কা রয়েছে।

 

সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের যোগাযোগবিষয়ক অধ্যাপক অ্যালেক্সিস ইংবার মনে করেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ব্যক্তিগত গোপনীয়তা যেন ঝুঁকিতে না পড়ে সেটিও গুরুত্বপূর্ণ। তার মতে, বয়স যাচাইয়ের বর্তমান প্রযুক্তি এখনো পুরোপুরি কার্যকর নয়।

 

তবে সবাই বিষয়টিকে এতটা নেতিবাচকভাবে দেখছেন না। আইনজীবী ফিলিপ ইয়ানেলা মনে করেন, বয়স যাচাই প্রযুক্তি গত কয়েক বছরে অনেক উন্নত হয়েছে। ব্যক্তিগত তথ্য সংরক্ষণ না করেও বয়স যাচাই করা সম্ভব হতে পারে।

 

এ ক্ষেত্রে একজন ব্যবহারকারীর বয়সের তথ্য যাচাই করে একটি সংকেত তৈরি করা যেতে পারে। পরে সেই সংকেত ব্যবহার করে বোঝা যাবে ব্যবহারকারী নির্দিষ্ট বয়সের নিচে কি না। এতে মূল ব্যক্তিগত তথ্য সংরক্ষণ না করেও বয়স যাচাই করা সম্ভব হতে পারে।

 

তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, তথ্য সংরক্ষণ না করলেও সংবেদনশীল পরিচয়সংক্রান্ত তথ্য অনলাইনে পাঠানোর সময় ঝুঁকি থেকেই যায়। বিশেষ করে শিশুদের পরিচয়পত্র বা মুখমণ্ডলের তথ্য ফাঁস হলে পরিচয় চুরির মতো ঘটনা ঘটতে পারে।

 

মেটার এই সমঝোতা এমন এক সময়ে হলো যখন শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশে শিশু ও কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নতুন আইন ও নীতিমালা করা হচ্ছে।

 

এদিকে সমঝোতার পর মেটা নিজেদের শিশু নিরাপত্তা উদ্যোগকে সামনে আনছে। প্রতিষ্ঠানটি টিকটক ও ইউটিউবকেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

তবে সমঝোতার শর্ত বাস্তবায়নই এখন মেটার জন্য বড় পরীক্ষা। কারণ শিশুদের জন্য সময়সীমা, রাতের ব্যবহার বন্ধ কিংবা অন্যান্য নিয়ন্ত্রণ কার্যকর করতে হলে প্রথমেই সঠিকভাবে বয়স শনাক্ত করতে হবে। ফলে ১ হাজার ৮০০ কোটি ডলারের এই সমঝোতার সবচেয়ে বড় প্রশ্ন শুধু অর্থ নয়। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা কতটা সুরক্ষিত রাখা যাবে সেটিই এখন বড় বিষয়।

 

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক