যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী, শিক্ষক ও কলেজছাত্রসহ নিহত ৩
যশোরে গত ২৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী, এক শিক্ষক ও এক কলেজছাত্রসহ মোট তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া ঘুনি এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় নুরজাহান বেগম (৫০) নামে এক নারী নিহত হন। তিনি ঘুনি এলাকার মৃত সুমাইল মোল্লার স্ত্রী। স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, নাতির জন্য আইসক্রিম কিনে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কেশবপুর সরকারি খাদ্য গুদামের সামনে মোটরসাইকেল ও করিমনের মুখোমুখি সংঘর্ষে ইয়াসিন আরাফাত (১৭) নামে এক কলেজছাত্র নিহত হন। এইচএসসি ব্যবহারিক পরীক্ষা দিতে মোটরসাইকেলে কলেজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় তাঁর মৃত্যু হয়।
একই দিন দুপুর পৌনে ২টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় এলাকায় মোটরসাইকেল ও লোহার গ্রিলবোঝাই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক ইব্রাহিম হোসেন (৫০) নিহত হন। তিনি শার্শার গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শিক্ষক মো. ফজলু (৪৫) ও ভ্যানচালক আলী কদর (৩৫) আহত হন।
এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চৌগাছার পুড়াপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাহাবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে পড়ে যান। তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পৃথক এসব দুর্ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে বলে জানা গেছে।










