ময়মনসিংহে জমি বিরোধের জেরে দোকানে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটার দোকানের ভেতরে ঢুকে মো. রাব্বী (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বী মাসকান্দা এলাকার হাইস্কুল রোডের মোবারক হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক কলেজে পড়ার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটারের দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন ব্যক্তি হামলা চালালে রাব্বী আত্মরক্ষার্থে নিজের দোকানের ভেতরে আশ্রয় নেন। হামলাকারীরা পিছু নিয়ে সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ সুপার মো. কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।
কোতোয়ালী মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় সাব্বির ও তাঁর ভাই জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।












