বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস-ট্রলির সংঘর্ষ, নিহত ২
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও গরুবাহী ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদের মধ্যে ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল এলাকার মৃত শের আলীর ছেলে আব্দুর রহমান (৭০) এবং ধামানিয়াপাড়া এলাকার আক্কাস আলী (৫৮)। তারা ট্রলিতে থাকা গরু কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গরুবাহী ট্রলিটি সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ঢাকা থেকে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস আসছিল। নয়াবাজার এলাকায় বাসটির সঙ্গে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর আব্দুর রহমান বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আক্কাস আলীকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর একজনের মরদেহসহ ১১ জন আহতকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত আটজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, আরও চারজন আহতকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজন বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় ট্রলিতে থাকা দুটি গরুও আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।










