মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়া থেকে প্রায় ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠানোর পরিকল্পনা

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:৪৩ পিএম
মালয়েশিয়া থেকে প্রায় ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠানোর পরিকল্পনা

মালয়েশিয়ার অভিবাসন আটককেন্দ্রে (ইমিগ্রেশন ডিপো) থাকা প্রায় পাঁচ হাজার মিয়ানমারের নাগরিককে দেশটির সামরিক জান্তা সরকারের কাছে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে মালয়েশিয়া। বিষয়টি নিয়ে দেশটিতে অবস্থানরত মিয়ানমারের শরণার্থী ও অভিবাসী শ্রমিকদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

মালয়েশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী দাতুক লুকানিসমান আওয়াং গত ২৩ জুলাই সিনেটে এ তথ্য জানান। মালয়েশিয়ার সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডেসহ একাধিক গণমাধ্যম তার বক্তব্য প্রকাশ করেছে।

উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের সামরিক সরকার এসব নাগরিককে গ্রহণে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে আলোচনা চূড়ান্ত হলে মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ তাদের নিতে মালয়েশিয়ায় আসবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মালয়েশিয়ায় অবস্থানরত রাখাইন অঞ্চলের এক অভিবাসী অধিকারকর্মী বলেন, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে কিছুজনকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হবে, যাতে তারা পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন। তবে বৈধ পাসপোর্ট থাকলে কেউ কেউ ভবিষ্যতে আইনগতভাবে আবার মালয়েশিয়ায় আসার সুযোগ পেতে পারেন।

দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট, গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে হাজার হাজার মিয়ানমারের নাগরিক প্রতিবেশী দেশগুলোতে, বিশেষ করে মালয়েশিয়ায় আশ্রয় নিচ্ছেন। এর মধ্যে গণহারে ফেরত পাঠানোর পরিকল্পনা শরণার্থী ও অভিবাসী সম্প্রদায়ের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

এরই মধ্যে গত ২৩ জুলাই মালয়েশিয়া সরকার নতুন করে আগত শরণার্থীদের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর নিবন্ধন ও পরিচয়পত্র (রিফিউজি কার্ড) প্রদান কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয়। ফলে যেসব মিয়ানমার নাগরিক এখনো শরণার্থী হিসেবে নিবন্ধনের অপেক্ষায় রয়েছেন, তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

মালয়েশিয়ায় মিয়ানমারের নাগরিকদের সহায়তাকারী এক কাচিন মানবিক কর্মী বলেন, যাদের ফেরত পাঠানো হতে পারে তাদের অনেকের শরণার্থী আবেদন এখনো নিষ্পত্তি হয়নি। চরম অসহায় পরিস্থিতির কারণে তারা নিজ দেশ ছেড়ে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় এসেছেন। বর্তমান পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক।

এদিকে বিভিন্ন মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে, থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে অতীতে যেসব মিয়ানমার নাগরিককে ফেরত পাঠানো হয়েছিল, তাদের অনেককে দেশে ফিরে সামরিক বাহিনীতে জোরপূর্বক নিয়োগ দেওয়া হয়েছে।

মালয়েশিয়ায় অবস্থানরত আরেক রাখাইন শরণার্থী অধিকারকর্মী বলেন, মিয়ানমারে কাউকে ফেরত পাঠানো মানে তাকে কার্যত মৃত্যুঝুঁকির মুখে ঠেলে দেওয়া। বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন কার্যকর থাকায় ফেরত যাওয়া ব্যক্তিরা জান্তা বাহিনীর নির্যাতন ও সহিংসতার শিকার হওয়ার আশঙ্কায় রয়েছেন। আন্তর্জাতিক মানবিক মানদণ্ড অনুসারে শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তিনি মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানান।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে ২০২৬ সালের জুন মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মিয়ানমারের নাগরিককে দেশটির সামরিক সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ধরনের প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বহুবার মালয়েশিয়া সরকারের সমালোচনা করেছে। তাদের অভিযোগ, চলমান সংঘাত ও মানবাধিকার লঙ্ঘনের মুখে শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানো আন্তর্জাতিক মানবিক নীতির পরিপন্থী।

যদিও মালয়েশিয়া জাতিসংঘের ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনের সদস্য নয়, তবুও দীর্ঘদিন ধরে মানবিক বিবেচনায় ইউএনএইচসিআরকে শরণার্থীদের নিবন্ধন ও পরিচয়পত্র দেওয়ার অনুমতি দিয়ে আসছিল। তবে অবৈধ অভিবাসন ও জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে সম্প্রতি সরকার ইউএনএইচসিআরের নিবন্ধন কার্যক্রম স্থগিত এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে প্রত্যাবাসন কার্যক্রম জোরদারের পদক্ষেপ নিয়েছে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক