সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

দূতাবাসের ফোন আছে, সাড়া নেই

আফাজ জনি প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:২২ পিএম
দূতাবাসের ফোন আছে, সাড়া নেই

বিদেশের মাটিতে একটি দেশের দূতাবাস রাষ্ট্রের মুখ। একজন প্রবাসী যখন বিপদে পড়েন, পাসপোর্ট হারান, আইনি জটিলতায় পড়েন কিংবা কোনো তথ্য জানতে চান, তখন তাঁর প্রথম আশ্রয় হওয়ার কথা নিজের দেশের দূতাবাস। কিন্তু স্পেনে বসবাসরত হাজারো বাংলাদেশির কাছে সেই আশ্রয়স্থল যেন দিন দিন একটি নীরব ভবনে পরিণত হয়েছে—যেখানে ফোন আছে, কিন্তু সাড়া নেই।

মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল টেলিফোন নম্বরে দিনের পর দিন ফোন করেও কোনো সাড়া না পাওয়ার অভিযোগ এখন আর নতুন নয়। প্রবাসীদের ভাষ্য, ফোন বাজে, কল সংযুক্ত হয়, কিন্তু ওপাশে কেউ সাড়া দেন না। অনেকে টানা কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহ ধরে অফিস চলাকালে ফোন করেও ব্যর্থ হয়েছেন। ডিজিটাল যুগে একটি সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে না পারা শুধু প্রশাসনিক দুর্বলতার পরিচয় নয়; এটি নাগরিক সেবার মান নিয়েও প্রশ্ন তোলে।
একসময় অন্তত দূতাবাসের ফোনে সাড়া মিলত। ২০১৬ সালে একই বিষয়ে লেখার সময় একজন স্প্যানিশ কর্মচারী ফোন রিসিভ করে জানিয়েছিলেন, বাংলা ভাষাভাষী কর্মকর্তা নাস্তার জন্য বাইরে আছেন। অর্থাৎ তখন অন্তত ফোনটি কেউ ধরতেন। কিন্তু আজ পরিস্থিতি আরও হতাশাজনক। এখন অনেকের অভিযোগ, ফোন ধরার মতো কাউকেই পাওয়া যায় না। এমন বাস্তবতায় প্রবাসীদের প্রশ্ন, দূতাবাসের টেলিফোন নম্বরটি কি কেবল প্রদর্শনের জন্য?

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এই ভোগান্তির একটি বাস্তব উদাহরণ বার্সেলোনায় বসবাসরত জসিম উদ্দিনের ঘটনা। তিনি জানান, পাসপোর্টে একটি সংযুক্তি করতে কী কী কাগজপত্র প্রয়োজন, তা জানার জন্য প্রায় এক মাস ধরে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল নম্বরে অসংখ্যবার ফোন করেছেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত শুধু তথ্য সংগ্রহের জন্যই তাঁকে মাদ্রিদে যেতে হয়। এখন প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে একই কাজ সম্পন্ন করতে তাঁকে আবারও মাদ্রিদে যেতে হবে।

জসিম উদ্দিনের ঘটনাটি ব্যতিক্রম নয়; বরং স্পেনে বসবাসরত বহু বাংলাদেশির নিত্যদিনের বাস্তবতা। দূতাবাসে একটি ফোনকলের উত্তর না পাওয়ায় অনেক প্রবাসীকে প্রয়োজনীয় তথ্য জানতেই শত শত কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। এর আর্থিক প্রভাবও কম নয়। বার্সেলোনা, ভ্যালেন্সিয়া, মালাগা, সেভিয়া কিংবা স্পেনের অন্যান্য শহর থেকে মাদ্রিদে যাতায়াত, খাবার এবং কর্মঘণ্টার ক্ষতি মিলিয়ে একজন সেবাগ্রহীতার গড়ে ২৫০ থেকে ৩০০ ইউরো পর্যন্ত অতিরিক্ত ব্যয় হয়।

রক্ষণশীল হিসাবেও ধরা হলে, মাদ্রিদের বাইরের শহরগুলো থেকে যদি প্রতি মাসে মাত্র ৩০ জন প্রবাসী শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য এমন অপ্রয়োজনীয় যাতায়াত করতে বাধ্য হন, তাহলে বছরে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৯৯ হাজার ইউরো। বর্তমান বিনিময় হার অনুযায়ী যার মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা।

প্রশ্ন হলো, একটি ফোনকল রিসিভ করে প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেওয়া গেলে যে অতিরিক্ত ব্যয় এড়ানো সম্ভব, সেই ব্যয়ের বোঝা কেন সাধারণ নাগরিককেই বহন করতে হবে? এ বিষয়ে বিভিন্ন সময়ে রাষ্ট্রদূত মাসুদুর রহমানের কাছে প্রশ্ন করা হলে তিনি জনবল সংকটের কথা উল্লেখ করেছেন। তাঁর দাবি, প্রয়োজনীয় জনবল না থাকায় সব সময় ফোন রিসিভ করা সম্ভব হয় না।

তবে এই ব্যাখ্যা অনেক প্রবাসীর কাছে সন্তোষজনক নয়।

গত ২২ জুন স্পেনে বসবাসরত বাংলাদেশিদের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে দেওয়া একটি স্মারকলিপিতে রাষ্ট্রদূতের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, আজিজ, জুয়েল ও মামুন নামের তিন ব্যক্তিকে দূতাবাসের বিভিন্ন পদে নিয়োগ দেখিয়ে জনবল খাতে বরাদ্দ সরকারি অর্থ থেকে বেতন-ভাতা দেওয়া হচ্ছে।

যদি এই অভিযোগের কোনো ভিত্তি না থাকে, তবে রাষ্ট্রদূতের উচিত দ্রুত বিষয়টি স্পষ্ট করা। আর যদি অভিযোগের সত্যতা থাকে, তাহলে জনবল সংকটের ব্যাখ্যা স্বাভাবিকভাবেই নতুন প্রশ্নের জন্ম দেয়।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব অভিযোগের বিষয়ে রাষ্ট্রদূতের বক্তব্য জানার সুযোগও সীমিত। কারণ তাঁর সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম ‘দূতাবাসের টেলিফোন’ কার্যত অকার্যকর বলে অভিযোগ রয়েছে। একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য সংগ্রহ করাও সম্ভব হয়নি।

প্রবাসীরা দেশের অর্থনীতিতে প্রতিবছর হাজার হাজার কোটি টাকার রেমিট্যান্স পাঠান। রাষ্ট্র তাঁদের অবদানের কথা গর্বের সঙ্গে তুলে ধরে। কিন্তু সেই প্রবাসীরাই যখন নিজের দেশের দূতাবাসে একটি ফোনকলেরও উত্তর পান না, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—প্রবাসীবান্ধব সেবার যে অঙ্গীকার রাষ্ট্র করে, বাস্তবে তা কতটা কার্যকর?

এটি শুধু প্রবাসীদের ক্ষোভই বাড়ায় না, সরকারের জনসেবার প্রতিশ্রুতিকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। কারণ বিদেশে একটি দূতাবাসের সেবাগত ব্যর্থতা শেষ পর্যন্ত সরকারের ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলে।

ফোনকল রিসিভ করা কোনো অনুগ্রহ নয়; এটি দূতাবাসের দায়িত্ব। অফিস চলাকালে দিনের পর দিন ফোনের উত্তর না দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যদি জনবল সংকটই প্রকৃত কারণ হয়, তাহলে সেটির সমাধানের উদ্যোগ নিতে হবে এবং প্রয়োজনীয় জনবল চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আর যদি জনবল থাকা সত্ত্বেও ফোনের উত্তর না দেওয়া হয়, তাহলে সেটি দায়িত্বে অবহেলার শামিল। দুই ক্ষেত্রেই ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসীরা, আর প্রশ্নের মুখে পড়ছে সরকারের জনসেবা নিশ্চিত করার সক্ষমতা।

▪️আফাজ জনি লেখক ও সাংবাদিক
ইমেইল- [email protected]

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেল স্টেশনের নিচে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে লাব্বাইক পরিবহনের একটি বাসে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যস্ততম এই এলাকায় বাসে আগুন লাগার সাথে সাথে আশপাশের যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক