আজ বার্সেলোনায় বাংলার মেলা
আজ স্পেনের বার্সেলোনা শহরে বসছে বাংলার মেলা ২০২৬। বাংলা গান, লোকজ সংস্কৃতি, দেশীয় খাবারের ঘ্রাণ আর প্রিয়জনদের মিলনমেলায় মুখর হয়ে উঠবে রামলা দেল রাভাল। প্রবাসজীবনের ব্যস্ততা ছাপিয়ে এক টুকরো বাংলাদেশকে হৃদয়ে ধারণ করবে বার্সেলোনায় বসবাসকারী বাংলাদেশিরা।
স্পেনের বার্সেলোনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন এই ‘বাংলার মেলা-২০২৬’ আজ শনিবার (১১ জুলাই) বার্সেলোনার ঐতিহাসিক রামলা দেল রাভাল প্রাঙ্গণে সকাল ১১টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য আয়োজন।
এসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালুনিয়ার সার্বিক তত্ত্বাবধানে এবং বার্সেলোনার বিভিন্ন বাংলাদেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় আয়োজিত এ মেলাকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মেলা উদযাপন কমিটি।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
মেলায় দিনব্যাপী থাকবে বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকসংগীত, আধুনিক গান, নৃত্য, আবৃত্তি, শিশু-কিশোরদের পরিবেশনা এবং দেশীয় সংস্কৃতির নানা আয়োজন। বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশ ও স্পেনে বসবাসরত শিল্পীরা।
এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশ থেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা, কিশোর ও সাথী খান ইতোমধ্যে বার্সেলোনায় পৌঁছেছেন। তারা মেলার মূল সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করবেন তাদের জনপ্রিয় গান।
বার্সেলোনার শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করবেন দিবা, রাজু, মঞ্জু স্বপন, তন্ময়, প্রমি, বর্ষা, শামীম ও জয়। বিশেষ নৃত্য পরিবেশন করবে বার্সেলোনার জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন নুপূরা। এছাড়া বার্সেলোনায় বেড়ে ওঠা শিশু ও কিশোর শিল্পীদের মধ্যে নৃত্য পরিবেশন করবে আলবিনা, উপমা, আমিমা, সারা, তুবা, নীলা, নীলিমা, তানিশা ও সায়েবা। কৌতুক পরিবেশন করবেন পান্না ও মডেলিংএ থাকবেন ইনসাফ সুমন।
মেলায় থাকবে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের অসংখ্য স্টল। বিরিয়ানি, ভর্তা, বাংলার ঐতিহ্যবাহী পিঠা, ফুচকা, চটপটি, ঝালমুড়িসহ দেশের বিভিন্ন অঞ্চলের সুস্বাদু খাবার দর্শনার্থীদের জন্য পরিবেশন করা হবে। পাশাপাশি দেশীয় পোশাক, হস্তশিল্প ও বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যের স্টলও থাকবে।
আয়োজকদের প্রত্যাশা, বার্সেলোনাসহ কাতালোনিয়ার বিভিন্ন শহর এবং স্পেনের আশপাশের অঞ্চল থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবার-পরিজন নিয়ে মেলায় অংশ নেবেন। দিনভর আনন্দ-উৎসব, আড্ডা আর সাংস্কৃতিক পরিবেশনায় মুখর থাকবে পুরো রামলা দেল রাভাল।
প্রতি বছরের মতো এবারও ‘বাংলার মেলা-২০২৬’ প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য শুধু একটি উৎসব নয়, বরং শিকড়ের টানে, সংস্কৃতির বন্ধনে এবং মিলনমেলায় এক টুকরো বাংলাদেশ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।













