আরও ৭ দলের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সাতটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। বিকেল পাঁচটায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
এর আগে রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউনূস। সেখানে নির্বাচন সংস্কার নিয়ে মতপার্থক্য থাকলেও তিনি স্পষ্ট করে জানান—ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই, আর এ বিষয়ে অন্য কিছু চিন্তা করা জাতির জন্য ভয়াবহ হবে।
এরই মধ্যে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর আহত হন। এ ঘটনার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের সব সহযোগী দলসহ প্রায় সব রাজনৈতিক সংগঠন।












