সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ব্রেক্সিটের ১০ বছর

মত বদলাচ্ছে ব্রিটেন, ইইউতে ফিরে যাওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:৪৫ পিএম
মত বদলাচ্ছে ব্রিটেন, ইইউতে ফিরে যাওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে

২০১৬ সালের ২৩ জুন অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছিল যুক্তরাজ্য। সেই সিদ্ধান্তের এক দশক পূর্তিতে দেখা যাচ্ছে, ব্রিটিশ জনমতের বড় একটি অংশ এখন আগের অবস্থান থেকে সরে এসেছে। সাম্প্রতিক বিভিন্ন জরিপে দেখা গেছে, অধিকাংশ ব্রিটিশ নাগরিক মনে করেন ব্রেক্সিট ছিল ভুল সিদ্ধান্ত এবং ভবিষ্যতে আবারও ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়া উচিত।

সাম্প্রতিক জরিপ অনুযায়ী, প্রায় ৫৫ থেকে ৫৮ শতাংশ ব্রিটিশ নাগরিক সুযোগ পেলে ইইউতে পুনরায় যোগ দেওয়ার পক্ষে ভোট দেবেন। একই সঙ্গে ৫৭ শতাংশের বেশি মানুষ মনে করেন, ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ইইউতে ফিরে যাওয়ার সমর্থন সবচেয়ে বেশি। ১৮ থেকে ২৮ বছর বয়সীদের মধ্যে প্রায় তিন-পঞ্চমাংশ নতুন গণভোটের পক্ষে এবং সম্ভাব্য ভোটারদের মধ্যে ৮০ শতাংশেরও বেশি পুনরায় ইইউতে যোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

অর্থনীতিতে ব্রেক্সিটের দীর্ঘমেয়াদি প্রভাব:
ব্রেক্সিটের অন্যতম বড় প্রভাব পড়েছে যুক্তরাজ্যের অর্থনীতিতে। অর্থনীতিবিদদের মতে, ইউরোপীয় ইউনিয়নের একক বাজার থেকে বেরিয়ে আসার ফলে বাণিজ্য ব্যয় বেড়েছে, ব্যবসায়িক বিনিয়োগ কমেছে এবং উৎপাদনশীলতার প্রবৃদ্ধি ধীর হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান অর্থনীতিবিদদের বিভিন্ন বিশ্লেষণে বলা হয়েছে, ব্রেক্সিটের কারণে দেশের অর্থনীতিতে জিডিপির প্রায় ৬ শতাংশ সমপরিমাণ ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষণেও দেখা যাচ্ছে, মাথাপিছু অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জি-৭ দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের অবস্থান নিচের দিকেই রয়েছে। একই সঙ্গে পাউন্ডের মূল্যহ্রাস, মূল্যস্ফীতি বৃদ্ধি এবং ব্যবসায়িক অনিশ্চয়তা অর্থনীতিকে দীর্ঘদিন ধরে চাপের মধ্যে রেখেছে।

বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিতে ধাক্কা:
ব্রেক্সিটের ফলে শুধু অর্থনীতিই নয়, বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি খাতেও বড় ধরনের প্রভাব পড়েছে।

ইউরোপজুড়ে গবেষণা প্রকল্পে অংশগ্রহণ, গবেষক ও শিক্ষার্থীদের অবাধ চলাচল এবং বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক সহযোগিতা আগের তুলনায় জটিল হয়ে পড়েছে। বহু বিজ্ঞানী মনে করেন, ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্য ইউরোপীয় গবেষণায় নেতৃত্বের অবস্থান হারিয়েছে।

সংগীতশিল্পী ও সাংস্কৃতিক কর্মীরাও একই ধরনের সমস্যার মুখোমুখি। আগে সহজে ইউরোপজুড়ে কনসার্ট বা সাংস্কৃতিক সফর করা গেলেও এখন ভিসা, কাস্টমস ও অতিরিক্ত প্রশাসনিক জটিলতার কারণে অনেক শিল্পীর জন্য ইউরোপ সফর ব্যয়বহুল ও কঠিন হয়ে পড়েছে।

লন্ডন বনাম ব্রিটেনের অন্য অঞ্চল:
ব্রেক্সিট গণভোটের সময় লন্ডনের অধিকাংশ ভোটার ইইউতে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন। তবে ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে পূর্ব লন্ডনের হ্যাভারিংসহ কয়েকটি এলাকায় অধিকাংশ মানুষ ব্রেক্সিটের পক্ষে ছিলেন।

বর্তমানে এসব এলাকার অনেক ভোটারও হতাশ। তাদের অভিযোগ, ব্রেক্সিটের মাধ্যমে যে উন্নয়ন, শিল্প পুনরুজ্জীবন এবং অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অনেক কিছুই বাস্তবায়িত হয়নি।

তবে ব্রেক্সিট-সমর্থকদের একটি অংশ এখনও বিশ্বাস করেন, সমস্যা ব্রেক্সিটে নয়; বরং সরকার সঠিকভাবে তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। তাদের মতে, দেশের সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর হওয়া উচিত এবং অভিবাসন নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন।

রাজনীতিতে বদলে যাচ্ছে আলোচনা:
২০২৪ সালের নির্বাচনে ব্রেক্সিট বড় কোনো ইস্যু ছিল না। কিন্তু বর্তমানে বিরোধী ও বামঘেঁষা বিভিন্ন রাজনৈতিক দল যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দিচ্ছে। কেউ কেউ কাস্টমস ইউনিয়নে ফেরার কথাও বলছেন, যদিও পূর্ণ সদস্যপদ এখনই রাজনৈতিকভাবে বাস্তবসম্মত নয়।

বিশ্লেষকদের মতে, খুব শিগগির নতুন কোনো গণভোট হওয়ার সম্ভাবনা কম। তবে জনমতের পরিবর্তন ভবিষ্যতে ব্রিটেনের ইউরোপ নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

তরুণদের মধ্যে ইউরোপমুখী প্রবণতা:
ব্রেক্সিটের সময় যারা ভোট দেওয়ার বয়সে পৌঁছায়নি, সেই নতুন প্রজন্ম এখন কর্মসংস্থান, শিক্ষা, ইরাসমাস শিক্ষাবৃত্তি এবং ইউরোপে অবাধ চলাচলের সুযোগ ফিরে পেতে আগ্রহী। এ কারণে তরুণ ভোটারদের বড় অংশ মনে করেন, ভবিষ্যতে কোনো এক সময় যুক্তরাজ্যের আবারও ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়া উচিত।

সামনে কী?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমানে যুক্তরাজ্যে ইইউতে পুনরায় যোগ দেওয়ার জন্য জনসমর্থন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি হলেও, বাস্তবে পুনরায় সদস্যপদ পাওয়ার পথ সহজ নয়। ইউরোপীয় ইউনিয়নে ফিরতে হলে নতুন করে সদস্যপদের আবেদন, দীর্ঘ আলোচনা এবং সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত অনুমোদন প্রয়োজন হবে। এছাড়া আগের মতো বিশেষ সুবিধা বা ব্যতিক্রমী শর্ত পাওয়ার সম্ভাবনাও খুব কম।

তবুও এক দশক পর ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ জনমতের এই পরিবর্তন স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এখন দেশটির রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠছে।

তথ্যসূত্র: রয়টার্স ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক