দেশে ৬৭০টি বিশ্বমানের স্কুল প্রতিষ্ঠা করা হবে – শিক্ষামন্ত্রী
দেশে রাজনৈতিক বিবেচনায় আর কোনো স্কুল-কলেজ প্রতিষ্ঠা করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি উন্নত বিশ্বের শিক্ষাব্যবস্থার আদলে দেশে ৬৭০টি বিশ্বমানের আধুনিক স্কুল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের দেশে স্কুল-কলেজ প্রতিষ্ঠা করা এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।”
তিনি আরও যোগ করেন, একটি স্কুল পরিচালনায় বছরে গড়ে ৪৮ লাখ টাকা ব্যয় হয়, অথচ সেখানে যদি শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়, তবে সেই প্রতিষ্ঠান পরিচালনার কোনো যৌক্তিকতা নেই।
শিক্ষামন্ত্রী জানান, এখন থেকে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষকদের সব ধরনের বদলি কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা হবে।
পাশাপাশি যেসব উপজেলা ভালো শিক্ষাগত ফলাফল অর্জন করবে, সেসব উপজেলার সংসদ সদস্য ও প্রশাসনকে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে দায়ের করা ৩২ হাজার মামলা নিষ্পত্তি হলে শিক্ষক নিয়োগের সব সংকট দূর হবে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শিক্ষকদের জন্য শিক্ষক কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতা চালু করেছিলেন। কিন্তু ২০২২ সাল থেকে ওই কল্যাণ তহবিলের প্রায় ৭ হাজার কোটি টাকা বিগত আওয়ামী লীগ সরকার আত্মসাৎ করেছে।”
সভায় ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান এবং সাইয়েদ আল নোমান গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।













