সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সংগ্রাম, নেতৃত্ব ও জনসেবার পথচলা: শেখ আব্দুল লতিফের চার দশকের রাজনৈতিক ও সামাজিক জীবন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১২:৩৩ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও জনসেবার পথচলা: শেখ আব্দুল লতিফের চার দশকের রাজনৈতিক ও সামাজিক জীবন

বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অনেকেই নীরবে কাজ করে যান মানুষের কল্যাণে, সংগঠনকে শক্তিশালী করতে এবং সমাজ উন্নয়নের লক্ষ্যে। তাঁদেরই একজন শেখ আব্দুল লতিফ। ছাত্রজীবন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে নিজ এলাকার একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত করেছে।

শেখ আব্দুল লতিফের রাজনৈতিক ও নেতৃত্বের পথচলার সূচনা ঘটে সুনামগঞ্জের দিরাই উপজেলার ঐতিহ্যবাহী জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালে। ১৯৭৮-৭৯ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি ভোটের মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হন। সেই সময় থেকেই নেতৃত্ব, সংগঠন পরিচালনা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে তাঁর আগ্রহ ও সক্ষমতার পরিচয় প্রকাশ পেতে শুরু করে।

বিদ্যালয় জীবনের সেই অভিজ্ঞতা পরবর্তী সময়ে তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের ভিত্তি হিসেবে কাজ করে। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং নেতৃত্বের গুণাবলীর কারণে তিনি সহপাঠী ও শিক্ষকদের কাছেও প্রশংসিত হন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হওয়ার পরও তিনি ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকেন। ১৯৮৬ সালে সিলেটের ঐতিহ্যবাহী মদনমোহন কলেজে অধ্যয়নকালে ছাত্র সংসদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সে সময় ছাত্র ইউনিয়নসহ চারটি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত একটি প্যানেল থেকে তিনি ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচন করেন। যদিও সেই নির্বাচনের ফলাফল তাঁর পক্ষে না এলেও ছাত্রনেতা হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা এবং রাজনৈতিক সচেতনতার পরিচয় আরও সুদৃঢ় হয়।

ছাত্রজীবনের রাজনৈতিক অভিজ্ঞতা তাঁকে জাতীয় রাজনীতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার অনুপ্রেরণা দেয়। বিশেষ করে ১৯৯০ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক অঙ্গনে যে পরিবর্তনের ধারা সৃষ্টি হয়, তা তাঁর রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে।

গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন যুবদলে যোগদান করেন। দলীয় কর্মকাণ্ডে তাঁর নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলীর স্বীকৃতি হিসেবে তাঁকে দিরাই উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি হাওরবেষ্টিত ভাটির জনপদ দিরাইয়ে যুবদলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তৃণমূল পর্যায়ে কর্মী সংগ্রহ, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে তাঁর উদ্যোগ প্রশংসিত হয়। তাঁর নেতৃত্বে উপজেলা যুবদল নতুন গতি লাভ করে এবং সংগঠনটি স্থানীয় পর্যায়ে আরও শক্তিশালী ভিত্তি অর্জন করে।

সাংগঠনিক কর্মকাণ্ডে সাফল্যের ধারাবাহিকতায় তিনি জেলা যুবদলের কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন। জেলা পর্যায়ে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক সমন্বয় এবং দলীয় কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখেন।

পরবর্তীতে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জেলা বিএনপির সদস্যপদ লাভ করেন। দলীয় পদ-পদবি বা ক্ষমতার চেয়ে আদর্শ ও কর্মী হিসেবে কাজ করাকেই তিনি অধিক গুরুত্ব দিয়ে আসছেন। বর্তমানে তিনি নিজেকে বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

রাজনীতির পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও শেখ আব্দুল লতিফের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি বর্তমানে সিলেটস্থ দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সংগঠনের মাধ্যমে বৃহত্তর দিরাই-শাল্লা অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে তিনি ভূমিকা রেখে চলেছেন।

বিশেষ করে এলাকার মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা, শিক্ষা বিস্তার এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রবাসী ও স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শিক্ষাক্ষেত্রেও রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অবদান। বর্তমানে তিনি তাঁর শিক্ষাজীবনের সূতিকাগার জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যে প্রতিষ্ঠান থেকে তাঁর নেতৃত্বের যাত্রা শুরু হয়েছিল, আজ সেই প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতির দায়িত্বও তিনি পালন করছেন।

বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর মতে, একটি সমাজকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই, আর সেই কারণেই শিক্ষা প্রতিষ্ঠানকে শক্তিশালী করা প্রয়োজন।

দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের অভিজ্ঞতায় শেখ আব্দুল লতিফ বিশ্বাস করেন, উন্নয়ন, গণতন্ত্র এবং সামাজিক সম্প্রীতির জন্য জনগণের অংশগ্রহণ অপরিহার্য। তিনি মনে করেন, নেতৃত্বের প্রকৃত উদ্দেশ্য হলো মানুষের কল্যাণে কাজ করা এবং সমাজকে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নেওয়া।

ছাত্রনেতা থেকে রাজনৈতিক সংগঠক, সামাজিক কর্মী থেকে শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক—বহুমাত্রিক এই পথচলায় শেখ আব্দুল লতিফ নিজেকে সবসময় জনগণের একজন সেবক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। চার দশকেরও বেশি সময় ধরে রাজনীতি, সমাজসেবা ও শিক্ষা উন্নয়নে তাঁর সম্পৃক্ততা তাঁকে দিরাই-শাল্লা অঞ্চলের পরিচিত মুখ এবং অভিজ্ঞ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

নেতৃত্ব, সংগঠন ও জনসেবার এই দীর্ঘ পথচলায় তিনি এখনো সক্রিয় রয়েছেন এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর এই কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করেন তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক