রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল পল্লবী, থানা ঘেরাও করে বিক্ষোভ
রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা হত্যার ঘটনায় ক্ষোভ ও শোক ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভে নেমেছেন স্থানীয় বাসিন্দা, সহপাঠী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।
বৃহস্পতিবার সকালে পল্লবীতে রামিসার বাসার সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এ সময় তারা শিশু হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ মানুষ পল্লবী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে কয়েকজন থানার ভেতরেও প্রবেশ করেন। বিক্ষোভকারীরা প্রধান আসামির দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তোলেন।
এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। রাজধানীর পাশাপাশি নোয়াখালী ও শেরপুরসহ বিভিন্ন জেলায় মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর পদক্ষেপ দাবি করেন।
গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে প্রথমে এক নারীকে আটক করা হয়। পরবর্তীতে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আদালতে দেওয়া জবানবন্দিতে অভিযুক্ত ঘটনার দায় স্বীকার করেছেন। মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।












