এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনাসহ ডিএমপির ৯ অ্যাপ-সফটওয়্যার চালু
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ মোট ৯টি অ্যাপ ও সফটওয়্যার চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বেইলি রোডে ডিএমপি সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসবের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।
চালু হওয়া সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে—এআই নির্ভর রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ভায়োলেশন ডিটেকশন সিস্টেম, হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেম, ‘হ্যালো ডিএমপি’ অ্যাপ, অনলাইন ট্রেনিং সিস্টেম, রেসিডেন্স অ্যালোকেশন, লিভ ম্যানেজমেন্ট, ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন, এমপ্লয়ি পারফরম্যান্স ইভ্যালুয়েশন এবং ট্রাফিক নিউজ আর্কাইভ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ট্রাফিক পুলিশ সরাসরি রাস্তায় আইন প্রয়োগ করলেও তা সময়সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে জটিল পরিস্থিতির সৃষ্টি করে। জনবল সংকটের কারণে এই প্রথাগত পদ্ধতিতে কার্যকরভাবে আইন প্রয়োগ কঠিন হয়ে পড়ছে। তাই প্রযুক্তিনির্ভর সমাধান হিসেবে এআই ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমপি জানায়, ঢাকা শহরের ২৫টি গুরুত্বপূর্ণ মোড়ে ইতোমধ্যে আধুনিক ট্রাফিক সিগন্যাল ও উন্নত ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে আরও মোড়ে এই ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।
এছাড়া ‘হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেম’-এর মাধ্যমে ঢাকার আবাসিক হোটেলগুলোতে অবস্থানকারী দেশি-বিদেশি অতিথিদের তথ্য অনলাইনে সংরক্ষণ করা হবে। এর ফলে সন্দেহভাজন ব্যক্তি বা অপরাধীদের গতিবিধি সহজে শনাক্ত করা সম্ভব হবে এবং জাতীয় নিরাপত্তা জোরদার হবে।
‘হ্যালো ডিএমপি’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা সরাসরি পুলিশি সেবা গ্রহণ, অভিযোগ জানানো এবং বিভিন্ন অনলাইন সেবার তথ্য সহজেই পেতে পারবেন। এতে পুলিশের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা করছে ডিএমপি।
ডিএমপির অন্যান্য সফটওয়্যারগুলো মূলত পুলিশ সদস্যদের প্রশিক্ষণ, দায়িত্ব বণ্টন, ছুটি ব্যবস্থাপনা এবং কর্মদক্ষতা মূল্যায়ন প্রক্রিয়াকে আরও আধুনিক ও কার্যকর করবে বলে জানানো হয়েছে।









