বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ ও সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে পেনাংয়ে সচেতনতামূলক সভা
বৈধ পথে প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রেরণে উৎসাহ প্রদান এবং সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে প্রবাসী বাংলাদেশিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোববার (২৬ এপ্রিল) মালয়েশিয়ার পেনাংয়ে সিবিএল মানি ট্রান্সফারের স্থানীয় কার্যালয়ে প্রবাসী কর্মীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন সিবিএল মানি ট্রান্সফার এসডিএন. বিএইচডি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুর রহমান ফারাজি। সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির তথ্যপ্রযুক্তি কনসালটেন্ট পাভেল সারওয়ার। এ সময় বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (শ্রম), কাউন্সেলর (শ্রম)সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক এই সভায় অতিথিবৃন্দ ছাড়াও রেমিট্যান্স যোদ্ধা ও প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে দুইজন প্রতিনিধি বক্তব্য প্রদান করেন।
বক্তারা বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব, অবৈধ চ্যানেল ব্যবহারের ঝুঁকি এবং ব্যাংকিং ও অনুমোদিত মানি ট্রান্সফার সেবার মাধ্যমে অর্থ পাঠানোর সুবিধাসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন। পাশাপাশি প্রবাসীদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয় এবং এতে যুক্ত হওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। সভায় হাইকমিশনার প্রবাসীদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ ২০২৫–২০২৬ অর্থবছরের (জুলাই–মার্চ) হিসাব অনুযায়ী মালয়েশিয়া থেকে মোট ২,৭০৪.৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে প্রেরিত হয়েছে।
উল্লেখ্য, মালয়েশিয়া থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে অগ্রণী মানি ট্রান্সফার, সিবিএল মানি ট্রান্সফার এবং এনবিএল মানি ট্রান্সফার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ৩৬টি শাখার মাধ্যমে এসব রেমিট্যান্স হাউজ প্রবাসীদের সেবা প্রদান করে যাচ্ছে।












