শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পেনাংয়ে উৎসবমুখর পরিবেশে প্রবাসী বাংলাদেশি কর্মীদের ‘চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬’ অনুষ্ঠিত

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:৪৭ পিএম
পেনাংয়ে উৎসবমুখর পরিবেশে প্রবাসী বাংলাদেশি কর্মীদের ‘চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬’ অনুষ্ঠিত

মালয়েশিয়ার পেনাং রাজ্যে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ, মানসিক প্রশান্তি ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে “মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং পারকেসো-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ২৫ এপ্রিল শনিবার পেনাংয়ের সেবারাং জায়া, নেগারি পুলাও পিনাং-এ অবস্থিত পেজাবাত পারকেসোতে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকেসো-এর ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান মিস্টার হারিরি হারুন এবং ডিরেক্টর মিসেস পুয়ান রাফিদাহ বিনতি আব্দুল রহিম।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারকেসোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, রেমিট্যান্স হাউসের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং রাজ্যে বিভিন্ন খাতে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী। তাদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়, যা পুরো পরিবেশকে ধর্মীয় ও আধ্যাত্মিক মর্যাদায় উজ্জীবিত করে। এরপর পারকেসো কর্তৃক প্রবাসী কর্মীদের কল্যাণে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। এতে কর্মীদের নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

এরপর বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (শ্রম) মো. সিদ্দিকুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি প্রবাসী কর্মীদের অবদান ও তাদের অধিকার সুরক্ষায় দূতাবাসের চলমান কার্যক্রম তুলে ধরেন। একইসঙ্গে একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়, যেখানে প্রবাসী বাংলাদেশি কর্মীদের জীবনসংগ্রাম, সফলতা ও অবদানের চিত্র ফুটে ওঠে।

অনুষ্ঠানের আলোচনা পর্বে পারকেসো পেনাং স্টেটের ডিরেক্টর, কমিউনিটি প্রতিনিধি, রেমিট্যান্স হাউসের প্রতিনিধি, নিয়োগকর্তা (এমপ্লয়ার) প্রতিনিধি, ডেপুটি হাইকমিশনার এবং হাইকমিশনার বক্তব্য প্রদান করেন।

বক্তারা প্রবাসী কর্মীদের কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, অধিকার সুরক্ষা এবং মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রবাসী শ্রমিকরা শুধু অর্থনৈতিক অবদানই রাখছেন না, বরং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের সেতুবন্ধন হিসেবেও কাজ করছেন।

আলোচনা শেষে প্রবাসী কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হাইকমিশনার এবং পারকেসোর প্রতিনিধিরা। প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রত্যাশা ধৈর্য সহকারে শোনা হয় এবং সমাধানের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী প্রবাসী বাংলাদেশি কর্মীদের “রেমিট্যান্স যোদ্ধা” হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, প্রবাসী কর্মীদের নিরাপত্তা, অধিকার এবং কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। দূতাবাসের মাধ্যমে তাদের যেকোনো সমস্যায় দ্রুত সেবা প্রদানের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। হাইকমিশনার প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সম্মান ও মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

পারকেসো-এর প্রতিনিধিরা তাদের বক্তব্যে প্রবাসী কর্মীদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বীমা সুবিধা এবং কর্মক্ষেত্রের সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, বিদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে পারকেসো বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করে আসছে।
তারা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ও সহজ সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশি কর্মীরা এ ধরনের আয়োজনকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন। তারা বলেন, এমন মিলনমেলা তাদের মানসিক প্রশান্তি দেয় এবং নিজেদের সমস্যাগুলো সরাসরি কর্মকর্তাদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি করে।

অনেক কর্মী তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতে আরও ঘন ঘন এ ধরনের আয়োজন করার অনুরোধ জানান। তারা হাইকমিশন ও পারকেসোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনব্যাপী এই কর্মসূচির শেষাংশে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী শিল্পীরা সংগীত পরিবেশনের মাধ্যমে পুরো পরিবেশকে আনন্দময় করে তোলেন। প্রবাসী কর্মী নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক রাজ, মো. ফয়সাল আহমেদসহ অন্যান্য শিল্পীরা দেশীয় ও আধুনিক গান পরিবেশন করেন।
সাংস্কৃতিক পরিবেশনায় উপস্থিত দর্শকরা করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন। প্রবাসে থেকেও দেশের সংস্কৃতির এমন উপস্থাপনা সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

সব মিলিয়ে “চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬” প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য একটি সফল, অর্থবহ ও স্মরণীয় আয়োজন হিসেবে পরিণত হয়। এটি শুধু বিনোদনের সুযোগই নয়, বরং প্রবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ হাইকমিশন ও পারকেসোর এই যৌথ উদ্যোগ ভবিষ্যতেও প্রবাসীদের জন্য আরও কার্যকর ও মানবিক সেবা নিশ্চিত করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক