মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

পর্তুগালে জন্মহার বাড়লেও চ্যালেঞ্জ কাটেনি

পর্তুগাল প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭:৫৭ পিএম
পর্তুগালে জন্মহার বাড়লেও চ্যালেঞ্জ কাটেনি

পর্তুগালে জন্মহার দীর্ঘমেয়াদে নিম্নমুখী হলেও সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে। ২০২৫ সালে নবজাতক স্ক্রিনিং কর্মসূচিতে ৮৭,৭০৮টি শিশুর নাম নথিভুক্ত হয়, যা গত দশকে সর্বোচ্চ; ২০২৬ সালের প্রথম তিন মাসেও ২১,৮১৩টি শিশুর স্ক্রিনিং হয়েছে।

সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে পর্তুগালের মোট প্রজননহার ছিল ১.৪৪ শিশু প্রতি নারী, আর অপরিশোধিত জন্মহার ছিল প্রতি হাজারে প্রায় ৯ জন। ১৯৬৫ সালে প্রজননহার ৩.১৫ থাকলেও কয়েক দশকে তা ধারাবাহিকভাবে নেমে এসেছে, যা জনমিতিক পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত।

১৯৭০ সালের কাছাকাছি সময়ে জন্মহার তুলনামূলকভাবে সর্বোচ্চ পর্যায়ে ছিল, কিন্তু এরপর তা অর্ধেকেরও বেশি কমে যায়। বার্ষিক জন্মসংখ্যা এখন আনুমানিক ৯৩ হাজারের ঘরে, যা অতীতের উচ্চপর্যায়ের তুলনায় অনেক কম।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২০২৫ সালের তথ্য অনুযায়ী, লিসবনে সবচেয়ে বেশি নবজাতক স্ক্রিনিং হয়েছে ২৬,৫৯৫টি, এরপর পোর্তোতে ১৫,২৫৫ এবং ব্রাগায় ৬,৫৩৪টি। একই বছরে মাদেইরা ও সানতারে‌ম ব্যতীত দেশের বেশির ভাগ অঞ্চলে আগের বছরের তুলনায় জন্মসংখ্যা বেড়েছে।

জানুয়ারি-মার্চ ২০২৬ সময়ে লিসবন জেলায় ৬,৫৯৪টি, পোর্তোতে ৩,৯০৩টি এবং সেতুবালে ১,৭৯৭টি শিশুর স্ক্রিনিং হয়। ব্রাগানসা, পোর্টালেগ্রে ও ভিলা রিয়েলে তুলনামূলকভাবে কম স্ক্রিনিং হওয়া জেলা হিসেবে দেখা গেছে।

অর্থনীতি ও জনসংখ্যা
জন্মহার বাড়লে ভবিষ্যতে শ্রমশক্তি ও করদাতার সংখ্যা বাড়তে পারে, যা পর্তুগালের বয়স্ক জনসংখ্যার চাপ কিছুটা কমাতে সহায়ক হবে। তবে এর প্রভাব দ্রুত আসে না; শিশুদের কর্মক্ষম হতে এক দশকেরও বেশি সময় লাগে।

অন্যদিকে, সদ্যোজাত শিশুর সংখ্যা বাড়লে শিক্ষা, শিশুযত্ন, স্বাস্থ্যসেবা ও আবাসনে সরকারি ব্যয় বাড়ে। ফলে স্বল্পমেয়াদে এটি অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে, যদিও দীর্ঘমেয়াদে জনমিতিক ভারসাম্য ফেরাতে সহায়তা করে।

ইউরোপীয় প্রেক্ষাপট
পর্তুগাল এখনো ইউরোপের নিম্ন জন্মহার ও নিম্ন প্রজননহারের দেশগুলোর একটি, এবং এটি দক্ষিণ ইউরোপের সাধারণ প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফ্রান্স বা কিছু নর্ডিক দেশের তুলনায় পর্তুগাল অনেক নিচে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পরিবারবান্ধব নীতি, আবাসনসুবিধা, কর্মজীবন-পরিবার ভারসাম্য এবং অভিবাসননীতি একসঙ্গে কাজ না করলে জন্মহার বৃদ্ধির সুফল সীমিতই থাকবে। তাই সাম্প্রতিক উত্থানকে স্থায়ী প্রবণতা বলার আগে আরও সময় ও ধারাবাহিক তথ্য প্রয়োজন

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক