শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্পেনে ৫ লাখ অভিবাসীর বৈধকরণ প্রক্রিয়া শুরু ১৬ এপ্রিল, ঠেকাতে ভক্সের সুপ্রিম আদালতে যাওয়ার ঘোষণা

মিরন নাজমুল, স্পেন প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৪:০১ পিএম
স্পেনে ৫ লাখ অভিবাসীর বৈধকরণ প্রক্রিয়া শুরু ১৬ এপ্রিল, ঠেকাতে ভক্সের সুপ্রিম আদালতে যাওয়ার ঘোষণা

ছবিটি এআই দিয়ে জেনারেট করা।

স্পেনে প্রায় ৫ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার সরকারি উদ্যোগ আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। এই সিদ্ধান্তকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দল ভক্স এই উদ্যোগ ঠেকাতে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং প্রয়োজনে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে।
এ ব্যপারে স্পেনের বিচার ও সংসদীয় সম্পর্ক বিষয়ক মন্ত্রী ফেলিক্স বোলানিওস জানিয়েছেন, এই উদ্যোগ ব্যবসায়ী সংগঠন, ক্যাথলিক চার্চ ও ভ্যাটিকানের সমর্থন পেয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই বৈধকরণ প্রক্রিয়ার মাধ্যমে দেশে দীর্ঘদিন ধরে বসবাসরত অনিয়মিত অভিবাসীরা নির্দিষ্ট শর্ত পূরণ করে বৈধ বসবাস ও কাজের অনুমতি পাবেন। আবেদন প্রক্রিয়া চলবে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

সরকার এই উদ্যোগকে শুধু মানবিক নয়, বরং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরছে। তাদের মতে, স্পেনের শ্রমবাজারে বর্তমানে নির্মাণ, কৃষি, হোটেল-রেস্তোরাঁ এবং যত্নসেবা খাতে বড় ধরনের শ্রমঘাটতি রয়েছে। এই বৈধকরণ সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে বৈধ হওয়া অভিবাসীরা সরাসরি শ্রমবাজারে যুক্ত হতে পারবেন এবং কর ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় অবদান রাখতে পারবেন। এতে দেশের সামাজিক নিরাপত্তা তহবিল ও পেনশন ব্যবস্থার আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকারের মতে, অনিয়মিত অভিবাসীদের বৈধতা দিলে তারা লুকানো অর্থনীতি থেকে বের হয়ে আনুষ্ঠানিক অর্থনীতিতে যুক্ত হবেন, যা রাষ্ট্রের রাজস্ব আয় বাড়াবে এবং শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করবে। একই সঙ্গে এটি কর্মসংস্থানকে আরও স্থিতিশীল করবে এবং কর্মক্ষেত্রে শোষণ কমাবে।

এছাড়া বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের মতে, স্পেনের জনসংখ্যাগত সংকটও এই সিদ্ধান্তের একটি বড় কারণ। দেশটিতে জন্মহার কমে যাওয়ায় কর্মক্ষম জনসংখ্যা হ্রাস পাচ্ছে, যা ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পেনশন ব্যবস্থার ওপর চাপ তৈরি করতে পারে। এই প্রেক্ষাপটে অভিবাসীরা শ্রমবাজারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছেন।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস এই উদ্যোগকে “ন্যায়বিচার ও প্রয়োজনীয়তা” হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, যারা ইতিমধ্যে সমাজে বসবাস ও কাজ করছেন, তাদের বৈধতা দেওয়া বাস্তবসম্মত এবং দেশের অর্থনৈতিক টেকসইতার জন্য জরুরি।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া অবস্থানে রয়েছে বিরোধী দলগুলো— বিশেষ করে ভক্স ও পিপি। তারা এই সিদ্ধান্তকে “বৃহৎ বৈধকরণ” বলে সমালোচনা করছে এবং বলছে এটি অবৈধ অভিবাসনকে উৎসাহিত করতে পারে। একই সঙ্গে তারা এই ইস্যুকে রাজনৈতিক ও আইনি লড়াইয়ের মাধ্যমে মোকাবিলা করার ঘোষণা দিয়েছে। দলটির দাবি, এই পদক্ষেপ অবৈধ অভিবাসনকে উৎসাহিত করতে পারে এবং জনসেবার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। একই সঙ্গে পিপলস পার্টিও (পিপি) এই উদ্যোগের বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীদের স্পেনে ২০২৬ সালের ১ জানুয়ারির আগে প্রবেশ করতে হবে, অন্তত পাঁচ মাস ধারাবাহিকভাবে বসবাসের প্রমাণ দিতে হবে এবং কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না। আবেদন যাচাইয়ের জন্য ৩৫০-এর বেশি কর্মকর্তা কাজ করবেন এবং আবেদন গ্রহণের পর অস্থায়ীভাবে কাজের অনুমতিও দেওয়া হবে।

স্পেনের এই উদ্যোগকে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক একটি “মানবিক ও অর্থনৈতিকভাবে বাস্তবসম্মত নীতি” হিসেবে বর্ণনা করেছেন, যা ইউরোপের কঠোর অভিবাসন নীতির বিপরীতে একটি ভিন্ন দৃষ্টান্ত তৈরি করছে। তবে সব মিলিয়ে, স্পেনের এই অভিবাসন নীতি এখন কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং একটি বড় রাজনৈতিক ও আইনি সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক