ভোটার হতে পারবেন পাসপোর্টবিহীন প্রবাসীরাও
প্রবাসীদের ভোটার নিবন্ধনে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দূর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে পাসপোর্ট না থাকলেও প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন।
বুধবার (২০ আগস্ট) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খানের স্বাক্ষরিত সংশোধিত এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) প্রকাশ করা হয়।
এসওপি অনুযায়ী, কোনো প্রবাসীর পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসরত এনআইডিধারী তিনজন প্রবাসীর প্রত্যয়নপত্র জমা দিলেই ভোটার হিসেবে নিবন্ধন করা যাবে। আবেদনকারীর অনলাইন পূরণকৃত ফরম, জন্মনিবন্ধন সনদ, পাসপোর্টের কপি (যদি থাকে) ও পাসপোর্ট সাইজ ছবি বাধ্যতামূলক। প্রয়োজনে অন্যান্য নথি বাংলাদেশে থাকা প্রতিনিধির মাধ্যমে জমা দেওয়া যাবে।
বর্তমানে নয়টি দেশের ১৬টি স্টেশনে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। এসব দেশ থেকে ইতোমধ্যে প্রায় ৫০ হাজার আবেদন এসেছে। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা।












