মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ইতিহাসের ধারায় শ্রমের সেতুবন্ধন: মালয়েশিয়ার অর্থনীতিতে বাংলাদেশিদের নিয়োগ

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:০৯ এম
ইতিহাসের ধারায় শ্রমের সেতুবন্ধন: মালয়েশিয়ার অর্থনীতিতে বাংলাদেশিদের নিয়োগ

মালয়েশিয়া বরাবরই কৃষি নির্ভর অর্থনীতির দেশ ছিল। কৃষি সেক্টরকে চালিত করার জন্য ব্রিটিশ ভারত থেকে কর্মী নিয়োগ করে। একই সাথে খনিজ সম্পদ উত্তোলনের জন্য চীন থেকে কর্মী নিয়োগ করে।

ভারত উপমহাদেশ এবং মালোয়েশিয়া একই ব্রিটিশ সরকারের অধীনে ছিল এবং তখন মাদ্রাজ, কলকাতা বন্দর দিয়ে মালয়েশিয়ায় আখ ও রাবার চাষের জন্য কর্মী নিয়োগ করে। এভাবে ব্রিটিশ ভারতের বিভিন্ন অঞ্চল থেকে কর্মী নিয়োগ করে।

ব্রিটিশ ভারতের বাংলাভাষী জনগণ বিশেষ করে কলকাতা, বিহার ও ঢাকা অঞ্চলের বেশ কিছু অধিবাসী ব্রিটিশ সরকারের অধীনে মালয়েশিয়ায় আসে। পোর্ট ডিকসনের বাঙালি পাড়া সে সাক্ষ্য বহন করছে। কালক্রমে বাঙালিদের কয়েক প্রজন্ম চলে গেছে , অনেকেরই পূর্বসুত্র বহাল নেই। সবাই এখন মালয়েশিয়ান।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

শুধু অর্থনৈতিক কর্মকান্ড নয় মালয়েশিয়ার স্বাধীনতার সময় মালয়দের সাথে এক হয়ে তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। তার স্বীকৃতি স্বরূপ মালয়েশিয়া তাদের নাগরিকত্ব দিয়েছে।

৭০ এর দশকে মালয়েশিয়া কৃষি নির্ভর থেকে শিল্প নির্ভর অর্থনৈতিক পরিকল্পনা শুরু করে। এরপর ৮০, ৯০ দশক পেরিয়ে একটি উন্নত ও শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়েছে। এই উদ্বোধনের পিছনে রয়েছে মালয় সরকারের পরিকল্পনা এবং বিদেশি অর্থ ও শ্রম বিনিয়োগ।

বাংলাদেশ শ্রম বিনিয়োগ করে মোটামুটি ৯০ দশক থেকে। বলা হয়, মালয়েশিয়ার প্রতিটি ইনফ্রাস্ট্রাকচার এর সাথে বাংলাদেশির ঘাম,শ্রম, মেধা, দক্ষতা ও আন্তরিকতা মিশে আছে।

বাংলাদেশিদের এমন শ্রম, ঘাম, মেধা,দক্ষতা, আন্তরিকতা ও সততা জড়িয়ে আছে মালয়েশিয়ার কৃষি, প্ল্যান্টেশন, নির্মাণ, উৎপাদন, সেবা, খনিজ সেক্টরে। বাংলাদেশের পাশপাশি ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কাসহ ১৪ টি দেশের শ্রমকে সঠিক ব্যবহার করেছে।

অপর দিকে এসব দেশ বৈদেশিক মুদ্রা আহরণ ও বৈদেশিক আয়ের ক্ষেত্রেও ব্যাপক ভাবে উপকৃত হয়েছে যা ঐসকল দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং বৈদেশিক বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে শ্রম নির্ভর সম্পর্ক গড়ে ওঠে তা এখন বিনিয়োগ অংশীদার এ উপনীত করেছে। মালয়েশিয়া বাংলাদেশের ৮ম বৃহত্তর বিনিয়োগ অংশীদার।

আরামদায়ক আবহাওয়া, খাবারের সাদৃশ্য, স্থানীয়দের আতিথেয়তা ও ভাতৃসুলভ ব্যবহার এবং ধর্মীয় সাযুজ্য থাকায় মালয়েশিয়া বাংলাদেশীদের জন্য একটি নিরাপদ জায়গা দিয়েছে। দিয়েছে আয়ের নিশ্চয়তা। ফলে, বাংলাদেশের প্রতি মালয়েশিয়ার এই আন্তরিকতা ও সহানুভূতি বিশেষ কৃতজ্ঞতার সঙ্গে বাংলাদেশ স্মরণ করে। তবে বেশ কিছু ফ্যাক্টর উভয় দেশের সম্পর্ককে হোঁচট খেতে হয়েছে। তারমধ্যে অন্যতম কর্মী নিয়োগ শুরু ও বন্ধ করে দেওয়া।

একাধিক সূত্রে জানা গেছে, ২০০৭ সালে অতিরিক্ত কর্মী আগমনকে কেন্দ্র করে কাজ, খাবার ও আবাসন না পেয়ে মানবিক বিপর্যয় দেখা দিলে সতর্ক মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে।
এরপর ২০০৯ সালের ১০ মার্চ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে জারীকৃত নিষেধাজ্ঞা তুলে নেয়। ২০১২ সালের ২৬ নভেম্বর জি টু জি পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কিন্তু মাত্র একটি প্ল্যান্টেশন সেক্টরে ১০ হাজারের কম কর্মী নিয়োগ করে। পরবর্তীতে ২০১৬ সালে দুই দেশের মধ্যে ‘জি টু জি প্লাস’ নামের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এতে সকল সেক্টরে ( ৬ টি) কর্মী নিয়োগের জন্য খুলে দেয়। মালয়েশিয়া প্রান্তে প্রাইভেট এজেন্সি না থাকা, ১০ টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির জোট, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং দুর্নীতির অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কর্মী নিয়োগ কার্যক্রম বন্ধ করে। সর্বশেষ ২০২৪ সালে আবারও সিন্ডিকেট, দুর্নীতি, মাত্রাতিরিক্ত অভিবাসন ব্যয় এবং কাজ না পাওয়ার অভিযোগে নিয়োগ বন্ধ করে মালয়েশিয়া।

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে মোটাদাগে কয়েকটি অভিযোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে বারবার এসেছে, যেমন অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি, সিন্ডিকেট, কাজ ও বেতন না পাওয়া।

দেখা যায়, বিভিন্ন সময়ে মালয়েশিয়া অভিযোগগুলো থেকে বের হবার চেষ্টা করেছে। বিশেষ করে মানব সম্পদ ব্যবস্থাপনার এবং মানবপাচারের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের রেটিং মান উন্নত করার প্রচেষ্টা লক্ষ্যনীয়। এজন্য মালয়েশিয়া সরকার আন্তর্জাতিক শ্রম সংস্থার শর্তগুলো পরিপালন করা, সহজ অভিযোগ দেয়ার পদ্ধতি চালু করা, শ্রম বিভাগ কর্তৃক কর্মীদের কর্ম ও আবাসস্থল পরিদর্শন করা, সমস্যা সমাধান করা, নিয়োগকর্তাদের নিয়ম কানুন মেনে চলতে উদ্বুদ্ধ করা, আমেরিকার শ্রম অডিট কর্তৃক অডিট সম্পাদন করা, নিয়োগকর্তাদের আন্তর্জাতিক রেটিং অর্জন করা, ইত্যাদি উল্লেখযোগ্য।

অভিবাসন ব্যয় নিয়ে রয়েছে পুরোনো অভিযোগ। সর্বশেষ জাতিসংঘ প্রতিবেদনে উল্লেখ করেছে যে, এ ক্ষেত্রে উভয় দেশেই দুর্নীতি হয়েছে। মালয়েশিয়া বিভিন্নভাবে তদন্ত করে নিশ্চিত করেছে যে, অভিবাসন ব্যয় বেশি হলেও কোনো দুর্নীতি হয় নি। এমন কি তৎকালিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ নিজেও পার্লামেন্টে বলেছেন যে, সিস্টেম ঠিক আছে। কিন্তু এই সিস্টেমের পিছনের মানুষদের নিয়ে তার সন্দেহ আছে। এই সন্দেহ থেকেই ‘ সিন্ডিকেট ‘ শব্দটি ব্যবহার করতে দেখা যায়। শ্রম অধিকার নিয়ে কাজ করা এন্ডি হল এবং মালয়েশিয়ার এনজিওগুলোও অনেক বার অনুরূপ দুর্নীতি, শ্রম শোষণ ও মানব পাচারের কথা বলে আসছে। এসব নিয়ে মালয়েশিয়া সরকার অবস্থান পরিষ্কার করলেও, অদ্যাবধি বাংলাদেশ পক্ষে এসব নিয়ে সরকারিভাবে কোনো বক্তব্য পাওয়া যায় নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ক্রিমিনাল ইনভেস্টিগশন ডিপার্টমেন্ট ( সি আই ডি) তদন্ত করছে এবং দুদক মামলা করেছে যা আদালতে আছে। ২০১৭ সালের সিন্ডিকেট নিয়ে বাংলাদেশের হাইকোর্টে রিট করা হয়েছিল। বাংলাদেশে মালয়েশিয়ায় কর্মী প্রেরণকে কেন্দ্র করে মামলা হয়েছে বিভিন্ন সময়ে কিন্তু দৃশ্যমান কোনো প্রতিকার হয় নি। ফলে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গন এবং মালয়েশিয়াকে ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে। তাই, নতুন করে কর্মী নিয়োগের পরিষ্কার কোনো বার্তা পাওয়া যাচ্ছে নাএবলে রিক্রুটিং এজেন্সির মালিকরা বলছেন।

মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে সরকারিভাবে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী মালয়েশিয়া প্রান্তের যাবতীয় খরচ এবং বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করে বাংলাদেশ প্রান্তে পাসপোর্ট, মেডিকেল স্ক্রিনিং, বিএমইটি ক্লিয়ারেন্স, ভিসা ফি, এবং রিক্রুটিং এজেন্সির ফিস ব্যতীত কোনো খরচ না থাকায় সর্বোচ্চ ৮০ হাজার টাকা ধার্য্য করা হয়। কিন্তু মালয়েশিয়ার কিছু কিছু নিয়োগকর্তা অভিবাসন ব্যয়ের অর্থ কর্মীকে ফেরত দেবার ঘোষণা দিলে কর্মীরা সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় নয় তাদের প্রকৃত যে ৪/৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে সেটি ফেরত পেতে দাবি করে এবং অসহযোগ আন্দোলন পর্যন্ত করে। তখন বিষয়টি আন্তর্জাতিক ক্রেতা, শ্রম অধিকার সংস্থা ইত্যাদির দৃষ্টি আকর্ষণ করে।

সিস্টেমের বাইরে গিয়ে শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের পরিকল্পনা বা ইচ্ছা থেকে অনেক নিয়োগকর্তা পিছু হটতে বাধ্য হয়। ৩১ মে ২০২৪ তারিখের মধ্যে মালয়েশিয়া প্রবেশের ডেডলাইন দেয় মালয়েশিয়া। কিন্তু সকল প্রক্রিয়া সম্পন্ন করেও ফ্লাইট না পাওয়ায় মালয়েশিয়ায় যেতে না পারাদের পুনরায় মালয়েশিয়ায় প্রেরণের উদ্যোগ নিলে বাংলাদেশ সরকার যেতে না পারাদের বিষয়টি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি দিয়ে তদন্ত করে প্রমাণ পায় যে, সরকার নির্ধারিত ৮০ হাজার টাকার অতিরিক্ত ৩/৪/৫ লাখ টাকা রিক্রুটিং এজেন্সিকে দিয়েছে। খোদ সরকার তদন্তে অতিরিক্ত অর্থ দেবার প্রমাণ পেলেও সরকারি আদেশ অমান্য করা বা ভঙ্গ করার বিরুদ্ধে কোনো একশন নেয় নি। তবে কেউ অভিযোগ করলে সরকার রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে সার্ভার লক শাস্তি আরোপ করেছে মর্মে জানা যায়। যদি অভিযোগকারীকে অর্থ ফেরত দেয় ও মীমাংসা করে তাহলে সার্ভার আনলক করে। সার্ভার লক করার অর্থ রিক্রুটিং এজেন্সি কোনো দেশে কর্মী প্রেরণ করতে ক্লিয়ারেন্স পাবে না।

এ ধরনের অনেক অভিযোগ, সি আই ডি, দুদক ও আদালতে মামলার প্রেক্ষিতে মালয়েশিয়া সরকার সেগুলো নিষ্পত্তি করার তাগাদা দিয়েছে বলে মিডিয়ায় এসেছে। এর মধ্যেই বাংলাদেশ জানতে চায় যে, মালয়েশিয়া সরকার কীভাবে কোন কোন শর্ত পূরণ সাপেক্ষে কর্মী প্রেরণকারী দেশগুলোর রিক্রুটিং এজেন্সিকে তালিকাবদ্ধ করে।

তৎপ্রেক্ষিতে মালয়েশিয়া সরকার সুনির্দিষ্ট করে ১০ টি শর্ত প্রেরণ করে সকল কর্মী প্রেরণকারী দেশের নিকট। নেপাল, পাকিস্তান জানিয়ে দেয় যে, একতরফাভাবে নির্ধারিত ১০ টি শর্ত তাদের পক্ষে মানা সম্ভব নয়। বাংলাদেশ রিক্রুটিং এজেন্সির অফিসের আয়তন, বিদেশে কর্মী প্রেরণ সংখ্যা এবং নিজস্ব ট্রেনিং সেন্টার থাকার শর্ত শিথিল করার প্রস্তাব দেয় কিন্তু মালয়েশিয়া পক্ষ কোনো প্রতিউত্তর না দিলেও বাংলাদেশ উক্ত তিনটি বাদ দিয়ে ৭টি ও ৬ টি শর্ত পূরণ করেছে এমন রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়া সরকারের নিকট হস্তান্তর করেছে মর্মে দূতাবাস সূত্রে জানা গেছে।

এখন পর্যন্ত মালয়েশিয়া পক্ষে কোনো সিদ্ধান্ত জানা যায় নি। ধারণা করা হয়েছে, কর্মী নিয়োগের প্রাক্কালে মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সির সংখ্যা প্রকাশ করবে। তবে শোনা যায় সীমিত রিক্রুটিং এজেন্সি পদ্ধতি অনুসরণ করবে মালয়েশিয়া। অভিবাসন ব্যয় নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখা দিলে মালয়েশিয়া বেশ গুরুত্বের সাথে নিয়েছে।

ইউনিভার্সিটি অব রিডিং এর ভিজিটিং প্রফেসর,ড. এম নিয়াজ আসাদুল্লাহ বলেন, বাংলাদেশে থাকা কর্মীর নিকট থেকে নিয়োগের পূর্বেই অর্থ নেওয়া হয় বিধায় বিষয়টি বাংলাদেশকেই ক্লিয়ার করতে হবে যে, ভবিষ্যতে মার্কেট খুললে বাংলাদেশ অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবে কি না। অপর দিকে নিয়োগ কর্তা সকল খরচ প্রদান করে থাকলে কর্মীর নিকট থেকে পাসপোর্ট, বিমান ভাড়া, মেডিকেল স্ক্রিনিং, ভিসা গ্রহণ বাবদ টাকা নেওয়ার বিষয়টি উভয় দেশকে যাচাই করে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করার দাবিও আছে।

বিষয়গুলো পরিষ্কার করা দরকার।’ সীমিত রিক্রুটিং এজেন্সির বিষয়ে অনেকে বলে থাকেন , ১০, ২৫ বা ১০১ টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নয়, মালয়েশিয়ার উচিত জাপানের কর্মী নিয়োগ মডেল অনুসরণ করা তাহলে কর্মী নিয়োগকে কেন্দ্র করে মালয়েশিয়াকে বারবার হোঁচট খেতে হবে না। জাপান এর সরকারি সংস্থা ওটিআইটিতে প্রদর্শিত তথ্য মতে, বাংলাদেশি রিক্রুটিং এজেন্টকে তালিকাভুক্ত করে তাদের মাধ্যমেই কর্মী নিয়োগ করছে। নির্ধারিত শর্ত পূরণ করে যে কোনো রিক্রুটিং এজেন্সি এই তালিকাভুক্ত হতে পারে। সেখানে ৯৫ টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি তালিকাভুক্ত দেখা যায়।

অভিবাসী কর্মীদের নিয়ে কাজ করা পুরস্কার প্রাপ্ত কালের কন্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী বলেন, ‘মালয়েশিয়ায় কাজের জন্য যেতে এত টাকা কেন লাগে, এই প্রশ্ন শুধু বাংলাদেশ নয় , মালয়েশিয়াতেও উত্থাপিত হয়েছে বারবার। বাংলাদেশি কর্মীরা নেপাল, ইন্দোনেশিয়া, মায়ানমার ইত্যাদি দেশের কর্মীদের সাথে কাজ করতে গিয়ে জানতে পারে কে কত টাকা খরচ করে এসেছে। যখন বাংলাদেশি কর্মী নিজের অতিরিক্ত খরচের তথ্য জানতে পারে তখন সে উচ্চারণ করে কেন এত টাকা? কারণ এই অতিরিক্ত চাপিয়ে দেওয়া টাকা জোগাড় করতে ঋণ করতে হয়, যে ঋণ কখনোই শোধ হয় না। এর ফলে যে শ্রম দেয় সেটিকেই আন্তর্জাতিক সংস্থা বলছে জোর জবরদস্তি শ্রম, আর অধুনা একে বলা হয়েছে মানবপাচার।’

সানওয়ে ইউনিভার্সিটির বিজনেস মেনেজমেন্ট বিভাগের প্রফেসর ড. খালেদ শুকরান বলেন, বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে যে, দেশটি তার নাগরিককে জোর জবরদস্তি ও মানব পাচারের মধ্যে ফেলে দিবে, না কি স্বস্তির জায়গা দিবে। যে দেশ লক্ষ লক্ষ নাগরিককে চাকরি ও আয় রোজগারের ব্যবস্থা ও সুযোগ দিয়েছে সে দেশকে স্বস্তির উপায় দিবে কি না এবং এর উপর নির্ভর করছে মালয়েশিয়ায় আগামীর কর্মসংস্থান।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক