শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নতুন রূপে ঐতিহ্যের আলো: মালয়েশিয়ার বাঙ্গুনান সুলতান আবদুল সামাদ ভবন

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১০:৪১ পিএম
নতুন রূপে ঐতিহ্যের আলো: মালয়েশিয়ার বাঙ্গুনান সুলতান আবদুল সামাদ ভবন

কুয়ালালামপুরের হৃদয়ে, ঐতিহাসিক দাতারান মেরদেকা-এর পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতবর্ষী বাঙ্গুনান সুলতান আবদুল সামাদ ভবন। তামার গম্বুজ, সুউচ্চ ঘড়িঘর আর মুগ্ধকর স্থাপত্যশৈলীর কারণে এটি বহুদিন ধরেই মালয়েশিয়ার অন্যতম প্রতীকী নিদর্শন হিসেবে পরিচিত।

একসময় এই ভবনটিকে ঘিরে দর্শনার্থীদের আকর্ষণ সীমাবদ্ধ ছিল বাইরের সৌন্দর্যেই। কিন্তু এখন সেই দৃশ্যপট বদলেছে। ‘ওয়ারিসান কেএল’ উদ্যোগের আওতায় ব্যাপক সংস্কারের পর ভবনটির দরজা খুলে দেওয়া হয়েছে সবার জন্য। ফলে পর্যটকরা এখন শুধু দেখেই নয়, ভেতরে ঢুকে ইতিহাসকে অনুভব করার সুযোগ পাচ্ছেন।

ভবনের ভেতরে প্রবেশ করলেই যেন সময়ের স্রোতে ভেসে যাওয়া যায়। কুয়ালালামপুরের জন্মলগ্ন থেকে আধুনিক নগরীতে রূপান্তরের গল্প তুলে ধরা হয়েছে নানা ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, শহরের মডেল এবং পরিকল্পিত প্রদর্শনীর মাধ্যমে। শুধু তথ্য নয় প্রতিটি গ্যালারিই যেন একেকটি জীবন্ত গল্প।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ঢাকাগামী এক পর্যটক নাসির উদ্দিন বলেন, বাইরে থেকে ভবনটা অনেকবার দেখেছি, কিন্তু ভেতরে ঢুকে যে এত সুন্দরভাবে ইতিহাস তুলে ধরা হয়েছে তা সত্যিই অবাক করেছে। মনে হচ্ছিল, আমি যেন সময়ের ভেতর দিয়ে হাঁটছি।”

ভারত থেকে আসা পর্যটক প্রিয়া শর্মার অনুভূতি আরও ভিন্ন এখানে প্রযুক্তি আর ঐতিহ্যের মেলবন্ধন দারুণ। বিশেষ করে ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লেগুলো শিশুদের জন্যও খুব শিক্ষণীয়।

সংস্কারের পর ভবনটিতে যুক্ত হয়েছে সাংস্কৃতিক গ্যালারি, ঐতিহ্যবাহী প্রদর্শনী, ক্যাফে এবং বিশ্রামস্থল। ফলে এটি এখন শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয় বরং পরিবার, বন্ধু কিংবা পর্যটকদের জন্য এক পূর্ণাঙ্গ অভিজ্ঞতার কেন্দ্র।

প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে খাজানাহ নাসিওনাল বেরহাদ, সঙ্গে ছিল কুয়ালালামপুর সিটি হলের সহায়তা।

১৮৯৭ সালে নির্মিত এই ভবনটি একসময় ব্রিটিশ মালয়ার প্রশাসনিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে এটি আদালত হিসেবেও দায়িত্ব পালন করে। আর ঠিক পাশের দাতারান মেরদেকা-তেই ১৯৫৭ সালে প্রথমবারের মতো মালয়ান পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতার সূচনা ঘটে—যা এই এলাকার ঐতিহাসিক গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।

ঈদুল ফিতর উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রী হান্না ইয়েও মুসলিমদের পরিবারসহ এই ভবন পরিদর্শনের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সময় বের করে পরিবার নিয়ে এখানে ঘুরে আসা এবং ছবি তোলা এক অনন্য অভিজ্ঞতা হতে পারে।

ঈদের আগে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এবং তার স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী-ও নবসংস্কার করা ভবনটি ঘুরে দেখেন। তাদের প্রাণবন্ত উপস্থিতি এবং হাস্যরসাত্মক কথোপকথন সফরটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

শুধু এই ভবনই নয় কুয়ালালামপুরের আশপাশের আরও কিছু ঐতিহাসিক এলাকা যেমন মসজিদ জামেক এলাকা, পেতালিং স্ট্রিট-এর পুরনো দোকানঘর কিংবা ব্রিকফিল্ডস লিটল ইন্ডিয়া—সবই শহরের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি।

এক শতাব্দীরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা বাঙ্গুনান সুলতান আবদুল সামাদ ভবন শুধু একটি স্থাপনা নয় এটি মালয়েশিয়ার ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক।

সফল এই সংস্কার প্রমাণ করেছে, সঠিক পরিকল্পনা ও উদ্যোগে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আধুনিক শহরের সঙ্গে তাল মিলিয়ে নতুনভাবে বেঁচে উঠতে পারে।
আর সেই সঙ্গে হয়ে উঠতে পারে শিক্ষা, সংস্কৃতি ও মানুষের মিলনস্থলের এক অনন্য কেন্দ্র।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক