সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

জেনে নিন

কেন বাংলাদেশে সৌদি আরবের একদিন পর ঈদ হয়?

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৬:৫৮ পিএম
কেন বাংলাদেশে সৌদি আরবের একদিন পর ঈদ হয়?

ঈদুল ফিতর বা ঈদুল আজহার সময় প্রায়ই একটি প্রশ্ন শোনা যায়—সৌদি আরবে ঈদ হলে বাংলাদেশে কেন সাধারণত একদিন পরে ঈদ হয়? আবার দেখা যায়, বাংলাদেশের পূর্বে থাকা কিছু দেশ যেমন জাপান বা ইন্দোনেশিয়াতেও অনেক সময় সৌদির দিনেই ঈদ হয়ে যায়। বিষয়টি অনেকের কাছে জটিল মনে হলেও এর পেছনে রয়েছে স্পষ্ট জ্যোতির্বৈজ্ঞানিক কারণ।

ঈদের তারিখ নির্ধারণ করা হয় ইসলামী চান্দ্রপঞ্জিকা অনুযায়ী। অর্থাৎ নতুন চাঁদ দেখা গেলে একটি মাস শেষ হয়ে নতুন মাস শুরু হয়। রমজান মাসের শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করা হয়। কিন্তু পৃথিবীর সব জায়গায় একই সময়ে চাঁদ দেখা সম্ভব নয়। কারণ পৃথিবী গোলাকার এবং সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান সব জায়গা থেকে একরকম দেখা যায় না।

চাঁদ দেখা নির্ভর করে সূর্যাস্ত ও আকাশের অবস্থার ওপর:

নতুন চাঁদ সাধারণত সূর্যাস্তের পর পশ্চিম আকাশে অল্প সময়ের জন্য দেখা যায়। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে সূর্যাস্তের সময় আলাদা। কোথাও যখন সন্ধ্যা, অন্য কোথাও তখনো দিন থাকে। ফলে এক দেশে চাঁদ দেখা গেলেও অন্য দেশে একই সময়ে তা দেখা নাও যেতে পারে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

জ্যোতির্বিজ্ঞানের হিসেবে নতুন চাঁদ খালি চোখে দেখতে হলে চাঁদের বয়স সাধারণত প্রায় ১৮ থেকে ২০ ঘণ্টা হতে হয়। এর আগে চাঁদ এত ক্ষীণ থাকে যে তা দেখা কঠিন। তাই কোনো অঞ্চলে সূর্যাস্তের সময় যদি চাঁদের বয়স কম থাকে, তাহলে সেখানে চাঁদ দেখা যায় না। কিন্তু কয়েক ঘণ্টা পরে অন্য অঞ্চলে সূর্যাস্ত হলে সেখানে চাঁদ দেখা সম্ভব হতে পারে।

এই কারণেই অনেক সময় সৌদি আরবের মতো পশ্চিমের কিছু দেশে চাঁদ দেখা যায়, কিন্তু বাংলাদেশে সেদিন দেখা যায় না। ফলে বাংলাদেশে পরদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে তার পরদিন ঈদ পালন করা হয়।

পূর্বে ও পশ্চিমে থাকা দেশগুলোতে আগে ঈদ হওয়ার কারণ:

পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। ফলে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন হয়। নতুন চাঁদ তৈরি হওয়ার পর সেটি দৃশ্যমান হতে কিছু সময় লাগে। পশ্চিমের কিছু দেশ সেই সময়টা পেয়ে যায়, ফলে তারা আগে চাঁদ দেখতে পারে।

অন্যদিকে বাংলাদেশের পূর্বে থাকা কিছু দেশ যেমন জাপান বা ইন্দোনেশিয়াতেও কখনো কখনো বাংলাদেশের আগে ঈদ হয়ে যায়। কারণ সেখানে সূর্যাস্ত আগে ঘটে এবং সেই সময় চাঁদের অবস্থান দৃশ্যমান হতে পারে। কিন্তু একই সময়ে বাংলাদেশে হয়তো সূর্য তখনো পুরোপুরি অস্ত যায়নি বা চাঁদ দেখার মতো অবস্থায় পৌঁছায়নি।

সব মিলিয়ে দেখা যায়, ঈদের তারিখ নির্ধারণে সময়ের পার্থক্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো চাঁদের অবস্থান, সূর্যাস্তের সময় এবং আকাশে চাঁদের দৃশ্যমানতা। পৃথিবীর সব জায়গায় একই সময়ে চাঁদ দেখা সম্ভব নয়। তাই কোনো দেশে একদিন আগে এবং অন্য দেশে একদিন পরে ঈদ হওয়া সম্পূর্ণ স্বাভাবিক একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক