জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন শামস সুমন। সঙ্গে থাকা অভিনেতা শাহাদৎ হোসেন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসকের সঙ্গে আলোচনা শেষে জানা যায়, তার মৃত্যু মূলত কার্ডিয়াক অ্যারেস্টের কারণে হয়েছে।
শামস সুমন একসময় টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ছিলেন। মঞ্চ, ছোট পর্দা এবং চলচ্চিত্রে সক্রিয় ছিলেন তিনি। তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো: ‘মন জানে না মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনি’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’, ‘হ্যালো অমিত’।
২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আই-এর অনুষ্ঠান বিভাগের পরিচালক হিসেবেও কাজ করেছেন।
শামস সুমনের জানাজা আগামী বুধবার সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় রাজশাহীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।












