যেসব কারণে বাড়ে না ফেসবুকে ফলোয়ার
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। বিশেষ করে ফেসবুকের মাধ্যমে মানুষ বন্ধু, পরিবার, সহকর্মী ও একই আগ্রহের মানুষের সঙ্গে সংযোগ রাখে। তথ্য শেয়ার করা, আলোচনা করা এবং কমিউনিটি তৈরি করা এখন অনেকের রোজকার অভ্যাস।
ফেসবুক ব্যবহারকারীরা সৃজনশীল কনটেন্টের মাধ্যমে নিজের ধারণা বহুদূরে পৌঁছে দিতে এবং আয় করতে পারেন। এই ক্ষেত্রে ফলোয়ারের সংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অনেক সময় ভালো কনটেন্ট থাকা সত্ত্বেও ফলোয়ার বাড়ে না।
বিশেষজ্ঞদের মতে, এর পেছনে কয়েকটি প্রধান কারণ থাকতে পারে:
১. অস্পষ্ট ব্র্যান্ড পরিচয়: প্রোফাইল ছবি, কভার, ভাষা এবং টোন যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে দর্শক আপনাকে মনে রাখতে পারবে না।
২. অতিরিক্ত পোস্ট করা: এক দিনে অনেক পোস্ট দিলে ফলোয়ার বিরক্ত হয়ে আনফলো করতে পারে। ফেসবুকের অ্যালগরিদমও অতিরিক্ত পোস্টকে কম দেখায়।
৩. ভুল সময় পোস্ট করা: যখন ফলোয়ার অনলাইনে নেই, তখন পোস্টের রিচ কম হয়। পেজের ইনসাইট বিশ্লেষণ করে সঠিক সময় নির্ধারণ ও নিয়মিত সেই সময় পোস্ট করা জরুরি।
৪. কম মানের কনটেন্ট: ঝাপসা ছবি, খারাপ অডিও বা এলোমেলো ফ্রেমিং দর্শকদের দ্রুত স্ক্রল করতে বাধ্য করে। ফেসবুকে ভিজ্যুয়াল কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ।
৫. অনিয়মিত পোস্ট শিডিউল: একদিনে কয়েকটি পোস্ট, তারপর কয়েকদিন কিছু না পোস্ট করলে ফলোয়ারের আগ্রহ কমে যায়। অ্যালগরিদমও এতে পোস্টের রিচ কমিয়ে দেয়।
৬. কপি-পেস্ট কনটেন্ট: অন্য পেজের কনটেন্ট হুবহু নকল করলে দর্শক আপনাকে আলাদা মনে করবে না। অ্যালগরিদমও এমন কনটেন্ট কম দেখায়।
৭. অতিরিক্ত প্রচারণা: শুধুমাত্র নিজের পণ্য বা সাফল্য শেয়ার করলে দর্শক বিরক্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, ৮০% পোস্ট হওয়া উচিত তথ্য, বিনোদন বা মূল্যবান কনটেন্ট এবং ২০% হতে পারে প্রচারণা।
৮. ট্রেন্ড উপেক্ষা: চলমান ফেসবুক ট্রেন্ড, ভাইরাল চ্যালেঞ্জ বা আলোচনায় অংশ না নিলে নতুন অডিয়েন্স আকর্ষণ কঠিন হয়।
৯. যোগাযোগের অভাব: কমেন্টে উত্তর না দেওয়া বা ইনবক্সে প্রতিক্রিয়া না জানালে ফলোয়াররা উপেক্ষিত মনে করে। কম এনগেজমেন্টের কারণে অ্যালগরিদমও রিচ কমিয়ে দেয়।
১০. এক ধরনের কনটেন্ট: একই ধরনের মিম, খবর বা স্টাইলের পোস্ট বারবার করলে দর্শকের আগ্রহ কমে যায়। বৈচিত্র্য আনা জরুরি।
বিশেষজ্ঞরা মনে করেন, যদি এই বিষয়গুলো মেনে চলা হয়, তাহলে ফলোয়ার বৃদ্ধি এবং অডিয়েন্সের সঙ্গে দৃঢ় সংযোগ গড়ে তোলা সম্ভব।













