শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ার মাহসা ক্যাম্পাসে : বাংলাদেশি হাফেজ ক্বারী আবু রায়হানকে সম্মাননা প্রদান

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৬:২০ পিএম
মালয়েশিয়ার মাহসা ক্যাম্পাসে : বাংলাদেশি হাফেজ ক্বারী আবু রায়হানকে সম্মাননা প্রদান

পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াতে যিনি বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করেছেন “কুরআনের পাখি” হিসেবে সেই বিশ্বজয়ী হাফেজ ক্বারী আবু রায়হানকে মালয়েশিয়ায় সংবর্ধনা জানানো হয়েছে এক আবেগঘন আয়োজনে। প্রবাসের মাটিতে কুরআনের প্রতি ভালোবাসা, দেশপ্রেম এবং শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে এই আয়োজন।

বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর উদ্যোগে মালয়েশিয়ার স্বনামধন্য মাহসা ইউনিভার্সিটি আয়োজিত বৃহৎ ইফতার মাহফিলে ক্বারী আবু রায়হানকে সম্মাননা প্রদান করা হয়। মাহসা বিশ্ববিদ্যালয়ের এমপাথি অডিটোরিয়ামে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শুক্রবার, ১৩ মার্চ অনুষ্ঠিত এই ইফতার মাহফিলের আয়োজন করে মাহসা বিয়াম চ্যাপ্টার কমিটি। মালয়েশিয়ার প্রায় ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। প্রবাসের ব্যস্ত জীবনেও এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি যেন প্রমাণ করে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনে বাংলাদেশিরা কতটা ঐক্যবদ্ধ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ইফতারের আগ মুহূর্তে অডিটোরিয়ামের পরিবেশ ছিল আবেগঘন। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কুরআনের সুমধুর তিলাওয়াত শোনার জন্য। যখন মঞ্চে ওঠেন ক্বারী আবু রায়হান, তখন যেন পুরো হল নীরব হয়ে যায়। তাঁর কণ্ঠে কুরআনের আয়াত ধ্বনিত হতেই উপস্থিত শ্রোতারা বিমুগ্ধ হয়ে পড়েন।

অনুষ্ঠানের এক পর্যায়ে ক্বারী আবু রায়হানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিয়াম সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর। সম্মাননা গ্রহণের সময় আবু রায়হানের চোখে-মুখে ছিল বিনয় ও কৃতজ্ঞতার ছাপ।

এ সময় উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান। অনেক শিক্ষার্থী জানান, প্রবাসে বসে এমন একজন বিশ্বজয়ী হাফেজের সঙ্গে দেখা হওয়া তাদের জন্য অনন্য এক অভিজ্ঞতা।

এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং, বিল্ট এনভায়রনমেন্ট অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির প্রভাষক মিস দিভাস্বীনি। তিনি তাঁর বক্তব্যে বলেন, ধর্মীয় ও সামাজিক এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহসা অ্যাভিনিউ ইন্টারন্যাশনাল কলেজের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ও বিয়াম সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসআর গ্লোবাল কনসালটেন্ট-এর ফাউন্ডার প্রফেসর ড. জিয়াউল করিম, কিচেন কেয়ার অ্যাগ্রো ফুড-এর চিফ অপারেটিং অফিসার ইয়াসির আরাফাত, প্রাণ-এর ম্যানেজিং ডিরেক্টর মুহা. সেলিম ভুঁইয়া এবং এমডি গ্লোবাল রিসোর্স এসডিএন বিএইচডি-এর ডিরেক্টর মুহা. মোশারফ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিয়াম সেন্ট্রাল ভিপি মুশফিক ও উসামা, সেক্রেটারি রফিকুল, মাহসা বিয়াম চ্যাপ্টার প্রেসিডেন্ট তৌফিকুর রহমান মাহফুজ, এডভাইসর সিতাবুর রহমান জিৎ এবং সেক্রেটারি দীপ্ত হালদারসহ অনেক প্রবাসী শিক্ষার্থী ও অতিথি।
কিফায়াতুল্লাহ ও নাইলাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ইফতারের আগে ও পরে শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ, আলাপচারিতা এবং দেশ নিয়ে স্মৃতিচারণ।

অনেক শিক্ষার্থী জানান, প্রবাসে থাকা অবস্থায় এমন আয়োজন তাদের মধ্যে একধরনের পারিবারিক পরিবেশ তৈরি করে। নতুন শিক্ষার্থীদের জন্যও এটি ছিল পরিচিত হওয়ার একটি বড় সুযোগ।

একজন শিক্ষার্থী বলেন, আমরা অনেকেই পরিবার থেকে দূরে থাকি। এমন আয়োজন আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই একই পরিবারের অংশ।
অনুষ্ঠানে আগত অতিথিরা জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে এটি স্মরণকালের অন্যতম বৃহৎ ইফতার আয়োজন। এতে প্রবাসে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়েছে।

অতিথিরা বিশেষভাবে ধন্যবাদ জানান মাহসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, যারা এই বিশাল আয়োজনটি সফলভাবে সম্পন্ন করেছেন। অনুষ্ঠানের শেষপর্বে বিশেষ দোয়া পরিচালনা করেন রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক মুফতী আব্দুল কাইয়ুম মোল্লা। তিনি দোয়ার মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

দোয়ার সময় পুরো অডিটোরিয়াম যেন এক আবেগময় পরিবেশে ভরে ওঠে। অনেক শিক্ষার্থীর চোখে তখন ছিল দেশের জন্য ভালোবাসা আর ভবিষ্যৎ স্বপ্নের দীপ্তি।

এই মহৎ আয়োজন বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা প্রদান করে প্রাণ, পিএসআর গ্লোবাল কনসালটেন্ট, কিচেন কেয়ার অ্যাগ্রো ফুড এবং হারি পাসার। আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে এমন সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে।

মালয়েশিয়ার মাটিতে এই ইফতার মাহফিল যেন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ছিল প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ের মিলনমেলা। কুরআনের তিলাওয়াত, সম্মাননা প্রদান এবং একসাথে ইফতারের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে এক অনন্য স্মৃতি।

বিশ্বজয়ী ক্বারী আবু রায়হানকে সম্মাননা প্রদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা আবারও প্রমাণ করলেন কুরআনের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি গর্ব তাদের হৃদয়ে চিরজাগ্রত।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক