মালদ্বীপে সেহরির রান্নার সময় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু
ছবি- সংগৃহীত।
মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতের দিকে।
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন শুক্রবার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে। নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, সদর আলী, রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও নূরনবী সরকার। আহতরা হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
হাইকমিশন জানায়, তারা ঘটনাটির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আহত দুজনকে মালির আইজিএম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেহরির রান্না করার সময় গ্যাসের আগুনে ৭ জন বাংলাদেশি দগ্ধ হন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর পাঁচজনের মৃত্যু ঘটে এবং গুরুতর আহত দুজনকে রাজধানী মালেতে স্থানান্তর করা হয়। ঘটনার সময় ৩৮ জনের মধ্যে বাকিরা অন্য কক্ষে ছিলেন।
বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ জানিয়েছেন, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং একজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।












