সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরও ছড়াচ্ছে

নতুন করে যুদ্ধ জাহাজসহ ২৫০০ মেরিন ও স্থল সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩:৪৬ পিএম
নতুন করে যুদ্ধ জাহাজসহ ২৫০০ মেরিন ও স্থল সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধে উত্তেজনা দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা প্রায় ২,৫০০ জন মেরিন সেনা এবং একটি উভচর যুদ্ধজাহাজ ওই অঞ্চলে পাঠাচ্ছে। ইরানের সঙ্গে প্রায় দুই সপ্তাহ ধরে চলা সংঘাতের মধ্যে এটিকে বড় সামরিক শক্তি বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের খার্গ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই দ্বীপটি ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। তিনি সতর্ক করে বলেছেন, যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে সেখানে থাকা তেল অবকাঠামোও ধ্বংস করা হতে পারে। এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার সতর্ক করেছিলেন, এমন হামলা হলে ইরান কঠোর প্রতিশোধ নেবে।

ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত একটি বড় সমাবেশের সময় একটি বিস্ফোরণ ঘটে। হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিল। ইসরায়েল আগে থেকেই ওই এলাকায় হামলার সতর্কবার্তা দিয়েছিল। তবে বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে ইরান প্রতিদিনই ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে তারা হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে। এই পথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়, তাই এতে বৈশ্বিক অর্থনীতিতে বড় চাপ তৈরি হয়েছে।

লেবাননেও মানবিক সংকট ভয়াবহ হয়ে উঠেছে। ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে। এতে এখন পর্যন্ত প্রায় ৮০০ মানুষ নিহত হয়েছে এবং প্রায় ৮ লাখ ৫০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট এবং ইউএসএস ট্রিপোলি নামের উভচর যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। এই ইউনিট সাধারণত সমুদ্রপথে অভিযান চালানো, দূতাবাস রক্ষা করা, বেসামরিক লোকজন সরিয়ে নেওয়া এবং দুর্যোগ সহায়তায় দক্ষ। তবে এই মোতায়েন মানেই স্থলযুদ্ধ শুরু হবে এমন নয়।

বর্তমানে আরব সাগরে মার্কিন নৌবাহিনীর প্রায় ১২টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। এর মধ্যে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী এবং আটটি ডেস্ট্রয়ার রয়েছে। ইউএসএস ট্রিপোলি সেখানে পৌঁছালে সেটি হবে ওই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম মার্কিন যুদ্ধজাহাজ।

ইরানের খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা সামরিক স্থাপনাকে লক্ষ্য করে করা হয়েছে, তেল স্থাপনাগুলো এখনো অক্ষত রাখা হয়েছে। তবে ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দেওয়া হয়, তাহলে ইরানের তেল অবকাঠামো ধ্বংস করা হতে পারে।

এদিকে যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রও ক্ষতির মুখে পড়েছে। ইরাকে একটি কেসি–১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন ক্রু নিহত হয়েছেন। এই নিয়ে সংঘাতের সময় মার্কিন সেনাদের অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত সপ্তাহে ভুলবশত কুয়েতি বাহিনীর গুলিতে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল।

অন্যদিকে ইরানের ড্রোন হামলায় ওমানের সোহার এলাকায় দুইজন নিহত হয়েছেন। একই সময়ে তুরস্কের আকাশে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার।

লেবাননের দক্ষিণাঞ্চলেও হামলা অব্যাহত রয়েছে। একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলের হামলায় ১২ জন চিকিৎসক, নার্স ও প্যারামেডিক নিহত হয়েছেন। এছাড়া সিডন শহরে আরেকটি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। গত ১০ দিনে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘর্ষে লেবাননে মোট ৭৭৩ জন নিহত হয়েছে, যার মধ্যে শতাধিক শিশু রয়েছে।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ দ্রুত বিস্তৃত হচ্ছে এবং বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে এর বড় প্রভাব পড়ছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক