শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় বাংলাদেশি রফিকুলের নেতৃত্ব পুরস্কার, জিভেনটো প্রজেক্টের স্বীকৃতি

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:২৮ এম
মালয়েশিয়ায় বাংলাদেশি রফিকুলের নেতৃত্ব পুরস্কার, জিভেনটো প্রজেক্টের স্বীকৃতি

মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সংগঠনিক দক্ষতা এবং শিক্ষার্থীকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ স্টুডেন্ট অ্যাফেয়ার্স লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী রফিকুল ইসলাম। একই অনুষ্ঠানে তার সহপাঠীদের সঙ্গে তৈরি উদ্ভাবনী ইভেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ‘জিভেনটো’ বিশেষ স্বীকৃতি পেয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত নুজুল আল-কুরআন গ্যাদারিং ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে অবদান বিবেচনায় এ সম্মাননা প্রদান করা হয়। চলতি বছর বাংলাদেশ, পাকিস্তান, ইয়েমেন ও আফ্রিকার প্রতিনিধিত্বকারী চারজন শিক্ষার্থীকে এই পুরস্কারে ভূষিত করা হয়। তাদের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে রফিকুল ইসলাম নেতৃত্ব পুরস্কার লাভ করেন।

রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ও আন্তর্জাতিক কার্যক্রমে সক্রিয় নেতৃত্ব দিয়ে আসছেন। সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন সিটি ইউ বাংলাদেশি ইউথ ক্লাব–এর প্রতিষ্ঠাকালীন পরিচালক হিসেবে তিনি সংগঠনটির প্রতিষ্ঠা ও কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মালয়েশিয়ায় তার নেতৃত্বযাত্রা শুরু হয় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া–এর যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে। পাশাপাশি তিনি এশিয়া প্যাসিফিক রোবট অ্যালায়েন্স–এর বিচারক এবং বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকৌশল অনুষদের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া–এর কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠিত করা ও নেতৃত্ব বিকাশে কাজ করছেন। একই সঙ্গে জেসিআই মালয়েশিয়া এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)–সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত রয়েছেন।

এদিকে অনুষ্ঠানে ‘জিভেনটো’ নামের একটি উদ্ভাবনী ইভেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্টও বিশেষ স্বীকৃতি পায়। আশরাফুল, রফিক ও জাহিদের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত এই প্রজেক্টের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগ জানায়, শিক্ষার্থীদের তৈরি এ ধরনের ডিজিটাল প্রজেক্ট ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পোর্টালে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক দাতো ফাজুরা জুফা বিনতি মুস্তাফা কামাল এবং বিভাগের ম্যানেজার দিয়ানা জানান, সিটি ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রাম পরিচালনায় ‘জিভেনটো’ ব্যবহারের আগ্রহ রয়েছে।

প্রজেক্টটির উদ্ভাবকরা জানান, ‘জিভেনটো’ একটি আন্তর্জাতিক মানের ইভেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, যা ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা, ব্যবস্থাপনা ও সমন্বয়ের কাজ সহজ ও কার্যকরভাবে সম্পন্ন করতে সক্ষম। তাদের মতে, ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের এমন অর্জন ও উদ্ভাবনী উদ্যোগ প্রবাসে দেশের সুনাম ও সক্ষমতার ইতিবাচক প্রতিচ্ছবি তুলে ধরছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক