মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দুই দশক পর সেই আমেজ

ইতালিতে শীত-বসন্তের রমজান

জমির হোসেন, প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:৩৫ পিএম
ইতালিতে শীত-বসন্তের রমজান

ইতালিতে এ বছর ১৮ ফেব্রুয়ারি (বুধবার) থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও রোজা শুরুর তারিখ নিয়ে ‘ইতালীয় ইসলামিক কালচারাল সেন্টার’ এবং ‘হিলাল কমিটি’র মধ্যে কিছুটা মতপার্থক্য দেখা দিয়েছিল। এক পক্ষ শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার পক্ষে থাকলেও, হিলাল কমিটির ঘোষণা অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার থেকেই ইতালিতে প্রবাসীরা সিয়াম সাধনা শুরু করেন। এই তর্কের কারণে কিছু মসজিদে প্রথম রাতে তারাবিহ না হলেও পরদিন থেকে তা স্বাভাবিক হয়ে যায়। মূলত ইতালিতে সর্বজনগ্রাহ্য কোনো কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি না থাকায় প্রতি বছরই এমন সাময়িক বিভ্রান্তি তৈরি হয়।
​বিদেশের মাটিতে এ ক টুকরো বাংলাদেশ’

​ইতালিতে বর্তমানে প্রায় দুই লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন। কর্মব্যস্ততার মাঝেও এখানে রোজার আমেজ চোখে পড়ার মতো। প্রথম রমজানের আগেই গ্রোসারি ও সুপারশপগুলোতে কেনাকাটার ধুম পড়ে যায়। বিশেষ করে রোমে বাংলাদেশিদের আধিক্য বেশি হওয়ায় মনে হয় যেন প্রবাসের বুকে এটি ‘অঘোষিত এক টুকরো বাংলাদেশ’।

​দুই দশকের রেকর্ড ভাঙল ‘শীতল রোজা’

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

​এবারের রমজান ইতালিতে প্রায় ১৯-২০ বছরের রেকর্ড ভেঙেছে। গত কয়েক বছর (২০১০-২০১৮) আমাদের প্রখর গ্রীষ্মে ১৬ থেকে ১৮ ঘণ্টা রোজা রাখতে হয়েছে। প্রচণ্ড গরমে শরীর নিস্তেজ হয়ে পড়ত। কিন্তু ২০২৪ থেকে ২০৩০ সাল পর্যন্ত রোজা পর্যায়ক্রমে শীত ও বসন্তের দিকে চলে আসায় আবহাওয়া এখন বেশ সহনীয়। প্রায় দুই দশক পর রোজা আবার ফেব্রুয়ারি-মার্চে ফিরে আসায় দিনের দৈর্ঘ্য কমে দাঁড়িয়েছে প্রায় ১৩ ঘণ্টায়। এই শীতল আবহাওয়া ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বয়ে এনেছে বিশেষ প্রশান্তি।

কর্মব্যস্ততা ও ইফতারের আনন্দ

​ইতালিতে একেকজনের কাজের সূচি একেক রকম। যারা রেস্টুরেন্ট সেক্টরে কাজ করেন, তাদের জন্য রোজা রাখা কিছুটা সহজ হলেও যারা ডাবল শিফটে কাজ করেন, তাদের জন্য এটি বেশ কষ্টসাধ্য। বিশেষ করে যারা ভ্রাম্যমাণ দোকান(বাংকার) তারা সেহরি খেয়ে ভোরে কাজে বের হওয়া এবং কাজ শেষে ফেরার পথেই ইফতারের সময় হয়ে যাওয়া—এমন সংগ্রাম অনেক শ্রমজীবী প্রবাসীর নিত্যদিনের সঙ্গী।তবে কষ্টের মাঝেও আনন্দের কমতি নেই। ইতালির প্রতিটি মসজিদে,মসজিদ কমিটির উদ্যোগে ৪শ থেকে ৫শ মানুষের ইফতারের আয়োজন করা হয়। বিভিন্ন দেশের মুসলিমদের সাথে একই কাতারে বসে ইফতার করা প্রবাসীদের জন্য এক অনন্য পাওয়া। যারা পরিবার ছাড়া থাকেন, তাদের জন্য বাংলাদেশি রেস্টুরেন্টগুলো ভরসা। সেখানে পেঁয়াজু, আলুর চপ, বেগুনিসহ সব দেশি ইফতারি পাওয়া যায়।

​খোলা মাঠে ইফতার ভ্রাতৃত্বের বন্ধনে

​এ বছর রোমে ‘ইল ধূমকেতু অ্যাসোসিয়েশন’ খোলা মাঠে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করে। বিভিন্ন জেলাভিত্তিক সংগঠনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে কয়েকশ প্রবাসীর সরব উপস্থিতি ছিল। বিশেষ করে ৮ মার্চ ‘বিশ্ব নারী দিবস’ হওয়ায় ইফতারে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।আয়োজক ইল ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু জানান, তারা কেবল মুসলিম নয়, স্থানীয় গির্জার ফাদার, মন্দিরের পুরোহিত এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও এই আয়োজনে আমন্ত্রণ জানান। এর মূল উদ্দেশ্য হলো ইতালীয় প্রশাসনের কাছে আমাদের ধর্মীয় সংস্কৃতি ও সাম্প্রদায়িক সহাবস্থানের চিত্রটি তুলে ধরা। খোলা মাঠে একসাথে এত মানুষের ইফতার করার দৃশ্য স্থানীয় ইতালীয়দের মাঝেও বেশ কৌতূহল ও প্রশংসার জন্ম দেয়।

​ইতালীয়দের মাঝে ইসলামের প্রতি শ্রদ্ধাবোধ 

​ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, আমার কর্মস্থলে আমিই একমাত্র বাংলাদেশি। কিন্তু ইতালীয় সহকর্মীরা রোজা শুরুর অনেক আগে থেকেই জানতে চান—কবে থেকে রোজা শুরু হচ্ছে। তারা আমাদের ঈদ সম্পর্কেও বেশ অবগত। এই যে আমাদের সংস্কৃতি ও ধর্মের প্রতি তাদের শ্রদ্ধা এবং আগ্রহ, তা আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।রহমতের ১০ দিন এবং মাগফেরাতের ৯ দিন পার হয়ে ইতালিতে ইতিমধ্যে ১৯তম রোজা শেষ হয়েছে (৮ মার্চ)। চোখের পলকেই হয়তো বাকি দিনগুলো কেটে যাবে। নাজাতের দিনগুলো শেষে ঈদের চাঁদ উঠলে বিশ্ব মুসলিমের সাথে ইতালির প্রবাসীরাও মেতে উঠবেন প্রাণের উৎসবে।

​

লেখক: প্রতিষ্ঠাতা সভাপতি, ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব।

কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১৪ এম
কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

আলোচনা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ইরান প্রস্তুত থাকলেও কোনো ধরনের হুমকি, চাপ কিংবা শক্তি প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের শত্রু হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশ দুটি ইরানের ওপর আঘাত হানার চেষ্টা করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি এমন এক পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন, যেখানে যুদ্ধও নেই, আবার শান্তিও নেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পেজেশকিয়ান বলেন, আত্মমর্যাদা বজায় রেখে যেকোনো বিষয়ে আলোচনা ও সমাধানে পৌঁছানো সম্ভব। ইরান আলোচনায় বিশ্বাসী এবং সংলাপের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা গেলে যুদ্ধের পথে যাওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না তেহরান।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তাঁর দেশ।

তিনি আরও বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণেও ইরানের এই অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তেহরান সংলাপে বিশ্বাস করে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো ধরনের বলপ্রয়োগ মেনে নেবে না।

এদিকে, চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই এই প্রস্তাবকে সংকট সমাধানের সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, তেহরানের শর্তে ওয়াশিংটন সম্মত হলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১২ এম
ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে এক দিনের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেটের পর এবার মিরপুরের ১১ নম্বর সেকশনে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির বিভিন্ন অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসের আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায়ও কেউ হতাহত হননি।

 

‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:০৯ এম
‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি সরাসরি কোনো বক্তব্য দেননি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সভায় উপস্থিত সূত্র জানায়, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি ও প্রথা অনুসরণ করা হবে।

সভায় স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করেন।

এদিকে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত খবরের সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে।

অন্যদিকে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার সুযোগ নেই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনা চাইলে ওই চুক্তির আওতায় ভারত সরকারের কাছে তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারে। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগের কথাও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলেও তাঁর বিষয়ে আলোচনা চলছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক